বিশ্বকাপ 'চোর' বানালো এক শিক্ষককে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিনির এই স্টিকারগুলো নিয়েই গোল বেধেছে কলম্বিয়ার একটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে
পানিনির এই স্টিকারগুলো নিয়েই গোল বেধেছে কলম্বিয়ার একটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে

স্কুলে ডাকটিকেট, স্টিকার, গল্পের বই নিয়ে গিয়ে শিক্ষকদের রোষের মুখে পড়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে। অনেক সময় হয়তো শখের জিনিসগুলো খোয়াতেও হয়েছে। কিন্তু সেই খোয়া যাওয়া জিনিসগুলো কোনো শিক্ষক নিজের স্বার্থে ব্যবহার করছেন, এমন নজির খুব বেশি দেখা যায় না। সম্প্রতি কলম্বিয়ার একটি স্কুলে অবশ্য সেই বিরল কাণ্ডটিই ঘটিয়েছেন এক শিক্ষক।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে কলম্বিয়া। লাতিন আমেরিকার পুরো দেশটিতেই বইছে বিশ্বকাপের হাওয়া। স্কুলের কিশোররাও বাদ যাবে কেন? তারাও মেতেছে স্টিকার সংগ্রহের উত্সবে। ইতালীয় কোম্পানি পানিনির স্টিকারগুলো নিজেদের মধ্যে আদান-প্রদান করছিল বুকারামাঙ্গা শহরের একটি স্কুলের শিক্ষার্থীরা। কিন্তু শ্রেণীকক্ষে পড়াশোনার ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ১৩ বছর বয়সী এই শিক্ষার্থীদের কাছ থেকে স্টিকারগুলো কেড়ে নিয়েছিলেন এক শিক্ষক।
কিন্তু পরে জানা যায় ওই শিক্ষকের উদ্দেশ্য ছিল ভিন্ন। তাঁরও স্টিকার জমানোর শখ। বাচ্চাদের স্টিকার দিয়ে নিজের অ্যালবাম পূর্ণ করার উদ্দেশেই তিনি সেগুলো বাজেয়াপ্ত করেছিলেন। ঘটনাটি জানাজানি হয়ে যেতেও বেশি সময় লাগেনি। ব্যাপারটি প্রকাশিত হয়ে পড়লে অবাক হয়েছেন সচেতন সবাই। এক শিক্ষার্থীর মা ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘ছোটদের কাছ থেকে স্টিকার কেড়ে নিয়ে সেটা নিজের স্বার্থে ব্যবহার করা কোনো ভালো উদাহরণ নয়। এটা তো চুরিই।’
১৯৭০ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপের আগেই একটি বিশেষ অ্যালবাম প্রকাশ করে পানিনি। সেখানে থাকে সব দলের খেলোয়াড়ের তালিকা। স্টিকার কিনে পূর্ণ করতে হয় সেই অ্যালবামটি। এই উদ্দেশে উত্সাহী সংগ্রাহকেরা অনেক সময়ই নিজেদের মধ্যে স্টিকারগুলো আদান-প্রদানও করে থাকে। রয়টার্স।