বিশ্বকাপ: অতুলনীয় এক মহাযজ্ঞ
পৃথিবীতে আর কোন ঘটনা এমন উন্মাদনা তৈরি করে? আর কোন ঘটনা মানুষকে এমন হিরণ্ময় করে তোলে? উত্তর হলো—আর একটিও নয়। হ্যাঁ, বিশ্বকাপ ফুটবলের কথাই বলছি। চার বছরের অপেক্ষার শেষে আবার এসে গেছে, ‘গ্রেটেস্ট শো অন আর্থ।’ চার বছর অপেক্ষাটা বেশ বড়ই। এ চার বছরে অনেকের বিশ্ববিদ্যালয়-জীবন শেষ হয়ে যায়। অনেকের জীবনে চলে আসে আমূল পরিবর্তন। অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়, অনেকের ব্যবসা-বাণিজ্যের গতিপথ পরিবর্তিত হয়ে যায়। অনেকে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় অজানার দেশে। অনেকে বেঁচে থাকে, সুযোগ পায় আগের বিশ্বকাপ নিয়ে স্মৃতির ঝাঁপি মেলে ধরার। আমাদের দেশের মানুষের গড় আয়ুকে বিচার্য ধরলে এক ব্যক্তি তার জীবনে বিশ্বকাপ পায় সর্বোচ্চ ১৫টি। একজন মানুষের জীবনে মাত্র ১৫টি বিশ্বকাপ! সত্যিই বিশ্বকাপ ফুটবল মানুষের জীবনে আসলেই বহু আকাঙ্ক্ষিত একটি ব্যাপার। বিশ্বের সবচেয়ে প্রার্থিত ঘটনা বললেও বোধ হয় কম বলা হবে না।বিশ্বকাপ ফুটবল প্রতি চার বছর পরপর হওয়া একটি মহাযজ্ঞই। এটি কেবল একটি সাধারণ ক্রীড়া আসরই নয়, এর সঙ্গে জড়িত হয়ে আছে অনেক কিছুই। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অনেক মানুষের কর্মসংস্থান। আয়োজক দেশের কথাই ধরুন। দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে খরচ করছে তিন বিলিয়ন মার্কিন ডলার। কিছু দিন আগে একটি বিদেশি পত্রিকায় খবর এসেছে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজন করতে যে পরিমাণ খরচ করছে, তা দিয়ে দেশটির বিদ্যুত্ ও জ্বালানি সংকট নাকি চিরতরে মেটানো যায়। তার পরও তারা বিশ্বকাপ আয়োজন করছে এবং অবশ্যই তিন বিলিয়ন ডলারের চেয়ে বেশি কিছু আয়ের আশাতেই। দৃষ্টিটা দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের দিকেই ঘুরাই। বাংলাদেশ বিশ্বকাপের বলয় থেকে অনেক দূরের একটি দেশ। আমরা বিশ্বকাপে খেলছি না। ভবিষ্যতে কোনো দিন খেলব, এমন আশাও করে না অনেক আশাবাদীই। তার পরও এ দেশের অনেক মানুষ অপেক্ষায় থাকে বিশ্বকাপের জন্য। খেলা দেখা নয়, নিজেদের রুটি-রুজির জন্য। এই যে বিশ্বকাপ উপলক্ষে দেশময় হাজার হাজার পতাকা বাসা-বাড়ির ছাদে উড়ছে, এ পতাকাগুলোর কারিগরেরাও তো বিশ্বকাপ-যজ্ঞের অংশ। তারাও তো বিশ্বকাপ উন্মাদনার একটা অংশ বিলিয়ে দিচ্ছে ফুটবলের মূলধারা থেকে বহু ক্রোশ দূরে থাকা একটি দেশের মানুষের মধ্যে।সেদিন ভারতের বিখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডেতে বিশ্বকাপ নিয়ে কিছু পরিসংখ্যান চোখে পড়ল। দক্ষিণ আফ্রিকায় এবারের বিশ্বকাপ নাকি সারা বিশ্বে ৩৭৬টি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে। বিশ্বের ২১৪টি দেশের প্রায় ৭০০ কোটি মানুষ প্রাণভরে উপভোগ করবে বিশ্বকাপের খেলা। ইন্ডিয়া টুডে আরও চমকপ্রদ একটি তথ্য দিয়েছে, তা হলো বিশ্বকাপের সময় সারা বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ এর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকে। অর্থাত্, বিশ্বের চার শতাংশ মানুষ বিশ্বকাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। জড়িত তাদের দৈনন্দিন কার্যক্রম, জীবন ও জীবিকা। বিশ্বকাপ ফুটবল সন্দেহাতীতভাবেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রতিযোগিতা। কেবল বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক দিক দিয়ে নয়, সামাজিক ও রাজনৈতিক দিকে দিয়েও এ বিশ্বকাপের রয়েছে অন্য রকম মাহাত্ম্য। রাজনীতিবিদেরা যা করতে পারেন না, বিশ্বকাপ তাই করে দেখায়। আইভরি কোস্টের গত এক দশকের রক্তাক্ত গৃহযুদ্ধের অবসান ঘটেছিল এ বিশ্বকাপের কারণেই ২০০৬ সালে। একটি গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে আইভরি কোস্ট যখন ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে কোয়ালিফাই করার পর দেশটিতে বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। যুদ্ধবাজেরা যুদ্ধের চেয়ে খেলা উপভোগকেই প্রাধান্য দিয়ে বন্ধ করেছিল যুদ্ধের দামামা। এ ঘটনা কেবল বিশ্বকাপের মাধ্যমেই ঘটা সম্ভব, আর কিছু দিয়ে নয়।বিশ্বকাপ চলাকালীন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্য একে ঘিরেই পরিচালিত হয়। অনেক সময় খবরে প্রকাশিত হয়েছে, বিশ্বকাপের সময় কোনো দেশের সাফল্য-ব্যর্থতার ওপর সে দেশের পুঁজিবাজারের উত্থান-পতন নির্ভর করে। ২০০৬ সালে জার্মানির ঋণাত্মক জন্মহারকে ঊর্ধ্বে তুলেছিল বিশ্বকাপ, সে খবর কী আমাদের জানা আছে? ২০০৬ সালের বিশ্বকাপ একীভূত জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছিল। দেশ গঠনে বিশ্বকাপের ভূমিকায় এর চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে?১৯৯৮ সালে ফিফার তত্কালীন বিদায়ী সভাপতি জোয়াও হ্যাভালেঞ্জকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষ মনে করেন কি না? উত্তরে হ্যাভালেঞ্জ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়ার তত্কালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেিসন তাঁকে দুবার রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। পোপ জন পেলের সঙ্গে তাঁর তিনবার দেখা হয়েছে। সৌদি আরবের বাদশা ফাহাদ তাঁকে ব্যক্তিগতভাবে আতিথেয়তা দিয়েছেন, যে সৌভাগ্য অনেক রাষ্ট্রপ্রধানেরও হয় না। তিনি প্রশ্নকর্তাকে উল্টো প্রশ্ন করেছিলেন, ‘ঘটনাগুলো শুনে আপনার কি আমাকে একজন ক্ষমতাবান মানুষ হিসেবে মনে হচ্ছে না?’ জোয়াও হ্যাভালেঞ্জের এই উক্তির পিঠে আরও একটি কথা সেদিন বলা যেত, তা হলো—আপনি ফিফার সভাপতি বলেই বিশ্বব্যাপী আপনার এত কদর। ফুটবলের ক্ষমতাবলেই আপনার এত সমাদর। প্রশ্নকর্তা হ্যাভালেঞ্জকে এ কথা বলেছিলেন কি না তা অবশ্য অজানাই থেকে যাবে। আজ যখন দক্ষিণ আফ্রিকায় পর্দা নামবে বিশ্বকাপ ফুটবলের ঊনবিংশ আসর, তখন তা দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক অগ্রগতি ও অন্ধকারাচ্ছন্ন মহাদেশ থেকে আফ্রিকার উত্থানকেই বিশ্বের কোটি কোটি মানুষের সামনে তুলে ধরবে।১৯৩০ থেকে শুরু। আজ থেকে ৮০ বছর আগে ফুটবলের এই মহাযজ্ঞের শুরুটা ছিল অনেকটাই সমস্যাসঙ্কুল, বিবর্ণ। আজ এত বছর পর বিশ্বের সবচেয়ে অর্থকরী ফুটবল উত্সবে পরিণত হয়েছে বিশ্বকাপ ফুটবল। এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় সমৃদ্ধি। বিশ্বকাপ এই ৮০ বছর ধরে সৃষ্টি করেছে অজস্র তারকা, যারা ফুটবলকে করেছে সমৃদ্ধ। ফুটবলকে নিয়ে গেছে আমজনতার কাতারে। বিশ্বের সবচেয়ে মৌলিক খেলা ফুটবলের সঙ্গে আজ পৃথিবীর কোনো খেলাই সত্যিকার অর্থে তুলনায় আসে না। ফুটবলকে এ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ফিফার কৃতিত্বও অসামান্য।