বিশ্বকাপও জেতা হলো বায়ার্নের

২০১৩ সালটা স্মরণীয়ই হয়ে থাকবে বায়ার্ন মিউনিখের জন্য। এ বছরটিই যে তাদের বেশ কয়েকটি প্রথম সাফল্যের সাক্ষী হয়ে থাকবে আগামী দিনগুলোতে। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে প্রথমবারের মতো বায়ার্ন গড়েছিল ট্রেবল জয়ের ইতিহাস। এরপর গত আগস্টে প্রথমবারের মতো জিতেছিল উয়েফা সুপার কাপ। আর গতকাল আরও একটি প্রথম সাফল্যের স্বাদ পেয়েছে বাভারিয়ানরা। মরক্কোর ক্লাব রাজা ক্যাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ঘরে তুলেছে ক্লাব বিশ্বকাপের শিরোপা।
এর আগে পাঁচবার ইউরোপসেরা হতে পারলেও একবারও ক্লাব বিশ্বকাপের শিরোপাটা জেতা হয়নি বায়ার্নের। এবার সেই আক্ষেপ ঘোচানোর প্রতিজ্ঞা নিয়েই যেন মরক্কোতে গিয়েছিলেন পেপ গার্দিওলার শিষ্যরা। হতাশ হতে হয়নি বায়ার্ন-সমর্থকদের। দান্তে আর থিয়াগো আলেসান্দ্রার গোলে সহজ জয়ই পেয়েছে ইউরোপসেরা দলটি।
প্রথমার্ধের শুরুতেই দান্তের গোলে এগিয়ে যায় বায়ার্ন। সাত মিনিটের মাথায় জেরোমে বোয়েটাংয়ের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে একটুও ভুল হয়নি ব্রাজিলিয়ান তারকার। ১৫ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন আলেসান্দ্রা। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল ক্যাসাব্লাঙ্কা। কিন্তু বায়ার্নের ডিফেন্ডারদের পরাস্ত করে জালে বল জড়াতে সক্ষম হয়নি স্বাগতিক দলটি। বায়ার্নও পরে আর কোনো গোলের দেখা পায়নি। ২-০ গোলের জয় দিয়েই ক্লাব বিশ্বকাপের শিরোপাটা হাতে নিয়েছেন ফিলিপ লাম-রোবেন-রিবেরিরা।
দুর্দান্ত বছরটিতে বায়ার্ন মিউনিখ-সমর্থকদের আক্ষেপ করতে হয়েছে শুধু একবারই। এবারের মৌসুমের শুরুতেই ডিএলএফ-সুপার কাপটাই শুধু জেতা হয়নি বায়ার্নের। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-২ গোলে হেরে শুধু সেই শিরোপাটাই হাতছাড়া হয়েছে বাভারিয়ানদের। এটা বাদে এ বছরের বাকি পাঁচটি শিরোপাই জিতেছে তারা।
এক বছরে সব কটি শিরোপা এর আগে জিতেছিল বার্সেলোনা। ২০০৯ সালে পেপ গার্দিওলার তত্ত্বাবধানেই একে একে ছয়টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল কাতালানরা।