বিশ্বকাপকে ব্ল্যাটারের '৯.২৫'

এবারের বিশ্বকাপ কি ইতিহাসের অন্যতম সেরা? সবাই তা-ই বলছেন। খেলার মান, প্রতিদ্বন্দ্বিতা, ফুটবল-চেতনার সংশ্লিষ্টতা—সবকিছুর বিচারে এবারের ব্রাজিল বিশ্বকাপকে ‘ইতিহাসের অন্যতম সেরা’ হিসেবে ধরে নিতেই পারেন।
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার অবশ্য ভাষার মারপ্যাঁচে যেতে চাননি। তিনি সংখ্যার হিসাবে এবারের বিশ্বকাপকে মূল্যায়ন করেছেন। বিশ্বকাপের আয়োজন, খেলার মানসহ সবকিছু বিশ্ব ফুটবলের এই প্রবীণ সংগঠকের কাছে ৯.২৫ পাচ্ছে। পূর্ণমান কত জানেন? পূর্ণমান ১০। অর্থ্যাত্, ব্ল্যাটারের কাছে সদ্য সমাপ্ত বিশ্বকাপ পাচ্ছে ১০-এ ৯.২৫।
ব্রাজিল বিশ্বকাপ নিয়ে অনেক দিন ধরেই নানামুখী শঙ্কা ছিল ফিফা ও সংশ্লিষ্টদের। বিশ্বকাপ আয়োজন নিয়ে খোদ ব্রাজিলেই ভিন্নমত, রাজনৈতিক উত্তেজনা, প্রস্তুতিতে চরম অব্যবস্থাপনা ফিফাকে করে তুলেছিল যথেষ্ট চিন্তিত। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে রাজনৈতিক হানাহানির শঙ্কাও পেয়ে বসেছিল ফিফাকে। মানুষের মৌলিক সমস্যায় মনোযোগ না দিয়ে ১১ বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজন নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিল ব্রাজিলের সাধারণ মানুষ। কিন্তু ফিফা সভাপতির স্বস্তির জায়গাটা হচ্ছে, শত শঙ্কা কাটিয়ে ভালোয় ভালোয় বিশ্বকাপের সমাপ্তি।
বিশ্বকাপে মাঠের ফুটবল ফিফা সভাপতির সন্তুষ্টির আরও একটি জায়গা, ‘আমার সবচেয়ে ভালো যা লাগছে তা হলো এবার মাঠের লড়াইটা দারুণ হয়েছে।’
এর পরই এবারের বিশ্বকাপকে ‘বিশেষ এক আয়োজন’ হিসেবে অভিহিত করলেন ব্ল্যাটার, ‘এবারের বিশ্বকাপ সত্যিই বিশেষ কিছু। মাঠের লড়াই আর অংশগ্রহণকারীদের মধ্যে লড়াইয়ের তীব্রতা এবারের আয়োজনকে “বিশেষ” মর্যাদা দিচ্ছে। মাঠের লড়াইটা ছিল সত্যিই অনন্য।’
এ নিয়ে পঞ্চমবারের মতো ফিফা সভাপতি হিসেবে বিশ্বকাপ আয়োজনের অংশ হলেন ব্ল্যাটার। তিনি এবারের বিশ্বকাপকে বেশ ভালো নম্বরই দিচ্ছেন। তিনি বলেন, ‘এবার একটি খেলাও হয়নি, যাতে প্রতিদ্বন্দ্বিতা ছিল না। খেলাগুলোর মান ছিল অসাধারণ। বিশ্বকাপের খেলাগুলো একেকটি যেন নাটক।’
বিশ্বকাপের প্রাথমিক পর্বে মনে হচ্ছিল এবারের বিশ্বকাপ গোলে ছাড়িয়ে যাবে অতীতের অনেক বিশ্বকাপকেই। কিন্তু শেষ পর্যন্ত গোলের সংখ্যা প্রাথমিক পর্বের চেয়ে কমে যাওয়ায় সব মিলিয়ে কেবল আটানব্বইয়ের রেকর্ডই স্পর্শ করা গেছে। কিন্তু ব্ল্যাটার সন্তুষ্ট এর পরও, ‘প্রথম পর্বে মনে হচ্ছিল গোলে হয়তো অনেক বিশ্বকাপকেই পেছনে ফেলা যাবে। কিন্তু দ্বিতীয় পর্বে দলগুলো কৌশলী হয়ে যাওয়ায় তা আর হয়নি। আমার কাছে তো মনে হয় এবারের বিশ্বকাপ কেবল দারুণই নয়, ইতিহাসের অন্যতম সেরাও।’ এএফপি।