বিশ্বকাপকে সবুজ সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকা খুললে নাশকতার খবর। সন্ধ্যা নামার আগেই রাস্তাঘাট ফাঁকা। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুনলে নিরাপত্তার শঙ্কাটাই মনে আসে সবার আগে। এসবের সঙ্গে আত্মঘাতী বোমা হামলা বা অন্য সন্ত্রাসী হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তবে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল দিচ্ছে সুসংবাদ। আগামী বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হুমকি নেই। দক্ষিণ আফ্রিকা পুলিশের নিরাপত্তা পরিকল্পনায়ও সন্তুষ্ট তারা।ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নোবেল বলেছেন, ‘এখন পর্যন্ত যা দেখেছি সবই ইতিবাচক। যেমন নিরাপত্তাব্যবস্থা এখানে নেওয়া হয়েছে তা নিয়ে দক্ষিণ আফ্রিকা গর্ব করতে পারে। বিশ্বকাপের সময় নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকা পুলিশ সম্ভব সবকিছুই করছে। তাদের নিরাপত্তা পরিকল্পনায় আমরা সন্তুষ্ট।’ বিশ্বকাপের আগে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে ইন্টারপোল কর্মকর্তারা এখন দক্ষিণ আফ্রিকা সফর করছেন। বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকা পুলিশের সঙ্গে কাজ করবে ইন্টারপোলও। বিশেষ করে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া পাসপোর্ট খুঁজে বের করায় সাহায্য করবে তারা। অবশ্য বিশ্বকাপে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে—এমন কোনো খবর এখন পর্যন্ত ইন্টারপোলের কাছে নেই বলেই জানিয়েছেন নোবেল।এত বড় আসরে শঙ্কা থাকে ফুটবল দাঙ্গারও। দক্ষিণ আফ্রিকার পুলিশ উপকমিশনার আন্দ্রে প্রুইস উড়িয়ে দিয়েছেন সেটাও, ‘খেলার সময় যেকোনো ধরনের দাঙ্গাবাজি রুখতে প্রস্তুত আমরা। ফ্রান্স, ব্রিটেন আর নেদারল্যান্ডের সঙ্গে এ নিয়ে কাজ করছি আমরা। দাঙ্গা উসকে দিতে পারে, এমন ব্যক্তিদের ব্যাপারে তারা আমাদের খোঁজখবর দিচ্ছে।’আগামী ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপের নিরাপত্তার জন্য মোট ৪১ হাজার পুলিশ মোতায়েন করবে দক্ষিণ আফ্রিকা। এএফপি।