বিশ্বকাপটা জিততে দিন, তারপর ম্যারাডোনার সঙ্গে তুলনা: মেসি

ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে লিওনেল মেসির তুলনা চলে আসছে বহুদিন ধরেই। এ তুলনা শুনতে শুনতে আর্জেন্টিনা অধিনায়ক নিজেও ‘ক্লান্ত’! কিন্তু এ-ও ঠিক, জাতীয় দলে ম্যারাডোনার যে অর্জন, মেসির ততটা নয়। সবচেয়ে বড় কথা, ম্যারাডোনা ছুঁয়েছেন বিশ্বকাপের আরাধ্য ট্রফিটা, মেসি নন। ধ্রুব সত্যটা মানেন মেসিও। এ কারণে তাঁর অনুরোধ, বিশ্বকাপ জেতার আগ পর্যন্ত আর্জেন্টিনা কিংবদন্তির সঙ্গে যেন তাঁকে তুলনা করা না হয়।
মেসি বললেন, ‘ম্যারাডোনার সঙ্গে তুলনা করাটা খুবই ভালো প্রশংসা। কিন্তু এটি গ্রহণ করার মতো অবস্থা এখনো আমার হয়ে ওঠেনি। জাতীয় দলে তাঁর (ম্যারাডোনা) অনেক অবদান। বিশ্বকাপ না জেতা পর্যন্ত কোনো খেলোয়াড়ই সত্যিকারের কিংবদন্তি হতে পারে না।’
দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এবার হাতে তুলতে পারবেন স্বপ্নের শিরোপা? আর্জেন্টিনা ফুটবল জাদুকরের কণ্ঠে অবশ্য আশার গান। বললেন, ‘আশা করি পারব, এই গ্রীষ্মেই পারব। তার আগে নিজেকে সেরা বলতে পারি না।’ বোঝাই যাচ্ছে, বিশ্বকাপের জন্য কতটা মরিয়া ফিফা চারবারের বর্ষসেরা। ওয়েবসাইট।