বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটা প্রোটিয়াদের কাছে বরাবরই একটা আক্ষেপ কিংবা দুর্ভাগ্য হিসেবেই থেকে গেছে। বেশ কয়েকবার শিরোপার হাতছানি পেলেও শেষ পর্যন্ত নানা রকম ট্র্যাজেডির শিকার হয়ে সেটা আর হাতে ওঠাতে পারেননি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। এবার সেই আক্ষেপ ঘোচানোর প্রত্যয় নিয়েই মাঠে নামতে যাচ্ছে গ্রায়েম স্মিথের দল। এবারের বিশ্বকাপটা আলাদাভাবেই গুরুত্বপূর্ণ প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথের জন্য। কারণ, বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বটা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন গ্রায়েম স্মিথ। আর অধিনায়ক হিসেবে শেষ প্রতিযোগিতাটা স্মরণীয় করে রাখতে চাওয়াটাই তো স্বাভাবিক।২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সে শন পোলকের কাছ থেকে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বের ভার বুঝে নিয়েছিলেন গ্রায়েম স্মিথ। এরপর সাত বছর ধরে ৮২টি টেস্ট ও ১৪২টি এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক আসরে এখনো সাফল্যের দেখা পাননি। তবে এত দিন ধরে দক্ষিণ আফ্রিকার মতো একটা অসাধারণ দলকে নেতৃত্ব দেওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেছেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সত্যি কথা বলতে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিগত টুর্নামেন্টগুলো থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বিশেষত ২০০৭ বিশ্বকাপে আমি অনেক কিছু শিখেছি। আমি খুবই গর্বিত যে এত এত প্রতিভাবান ক্রিকেটার নিয়ে গড়া একটা দলকে আমি নেতৃত্ব দিচ্ছি। আশা করছি, এবারের বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচে নিশ্চিতভাবেই এগিয়ে রাখা যায় দক্ষিণ আফ্রিকাকে। তবে তার পরও এক দিন আগেই ইংল্যান্ড যেভাবে ‘পুঁচকে’ হল্যান্ডের কাছে নাকানিচুবানি খেল, তাতে ম্যাচটাকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্মিথ। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা খুব ভালো খেলবে। কাউকেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো একটা ভালো পারফরম্যান্সই ম্যাচের নকশা বদলে দিতে পারে। যেমন—ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন টেন ডেসকাট। কাজেই প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।’ ওয়েবসাইট।