বিশ্বকাপ ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের। ৪১ রান খরচায় পেয়েছেন ৪ উইকেটও। বিশ্বকাপেই ওয়ানডে অভিষেক হওয়া ক্রিকেটারদের তৃতীয় সেরা বোলিং এটি। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ২৭ রানে ৫ উইকেট নিয়ে সবার আগে রয়েছে কানাডার অস্টিন কডরিংটন। ১৯৮৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের আবদুল কাদির। ইমরান তাহিরের পরেই আছেন জিম্বাবুয়ের তৎকালীন অধিনায়ক ডানকান ফ্লেচার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে অপরাজিত ৬৯ রান করার পর ডানহাতি পেসার বোলিংয়ে ৪২ রানে ৪ উইকেট তুলে জিম্বাবুয়েকে এনে দিয়েছিলেন ঐতিহাসিক জয়। ব্যাটসম্যানদের মধ্যে অপরাজিত ১১৫ রান নিয়ে সবার ওপরে অ্যান্ডি ফ্লাওয়ার। ১৯৯২ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। এরপর আছেন ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৩ রান করা নভজোত সিধু। এ ছাড়া ফ্লেচার, স্টিভ টিকোলো, সিদাথ ওয়েতিমুনি ও ফিল সিমন্স ৫০ করেছিলেন।