বিশ্বকাপে অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ দিয়ে অভিষেক, তার ওপর যদি হয় নজরকাড়া বোলিং? কদিন আগে ইমরান তাহির অভিষেকেই ৪ উইকেট নিয়েছিলেন। কাল আরেক লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর অভিষেকে ৩ উইকেট। তাহির-বিশু দুজনেই ঢুকে গেছেন বিশ্বকাপ দিয়ে অভিষেক হওয়া বোলারদের সেরা বোলিং তালিকায়। সবার ওপরে অস্টিন কডরিংটন, ২০০৩ বিশ্বকাপে কানাডার এই বোলার ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। ২৭ রানে ৫ উইকেট! আবদুল কাদিরের ওয়ানডে অভিষেক ১৯৮৩ বিশ্বকাপে। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার ৪ উইকেট নিয়েছিলেন ২১ রানে। ইকোনমি ১.৭৫! এর পরই আছে তাহিরের এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ রানে নেওয়া ৪ উইকেট। বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছিল জিম্বাবুয়ে, ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে। জিম্বাবুয়েরই প্রথম ওয়ানডে ছিল সেটি। আর সেই ম্যাচ ৬৯ রান করার পাশাপাশি ডানকান ফ্লেচার ৪২ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তালিকায় পাঁচে কাল বিশুর ৩/৩৪।