বিশ্বকাপে আকরামের চার ফেবারিটে নেই পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঝুলে গেছে। স্থগিত হওয়া আইপিএল সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনো দিনক্ষণ ঠিক না হলেও সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে আইপিএলের বাকি ৩১ ম্যাচ আয়োজন করতে চায় বিসিসিআই। কিন্তু অক্টোবরের মাঝপথেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। এবারের বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আইপিএলের মতো এক টুর্নামেন্ট চলাকালীন ভারত কীভাবে বিশ্বকাপ আয়োজন করবে, সে ব্যাপারে প্রশ্ন উঠেছে।
বিসিসিআই বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আইসিসির কাছে সময় চেয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে, এমন আশা অনেকেই দেখছেন না। তাই বিশ্বকাপ–সংক্রান্ত আলোচনা এখনো ঠিক সেভাবে হচ্ছে না। অন্তত যেকোনো টুর্নামেন্টের আগে ফেবারিট কোন দল, আলো ছড়াবেন কারা—এমন আলোচনায় মুখর থাকে চারপাশ।
এবার সে তুলনায় সবকিছু একটু বেশি নীরব। এই নীরবতার মধ্যেই অবশেষে কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা তুললেন। কিংবদন্তি ওয়াসিম আকরাম বিশ্বকাপের ফেবারিট হিসেবে চার দলকে নির্বাচন করেছেন। এই নির্বাচনে দেশপ্রেম দেখাতে পারেননি আকরাম, বাদ পড়েছে পাকিস্তান।
২০২০ সালে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল, সেটা করোনা হতে দেয়নি। অস্ট্রেলিয়া সেটা এ বছর আয়োজন করতে চাইলেও ভারত নিজেদের আয়োজনের সে বিশ্বকাপ পেছাতে রাজি হয়নি। তাই অস্ট্রেলিয়াকেই বরং নিজেদের বিশ্বকাপ ২০২২ সালের সূচিতে যোগ করে নিতে হয়েছে। ওদিকে নিজ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ ভারত সে কাজটাই হয়তো করতে পারবে না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পেরে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে ভারত। বিশ্বকাপও হয়তো আরব আমিরাতেই আয়োজন করতে হতে পারে ভারতকে।
ভারত সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ ফায়দা তুলে নেওয়া ভারতকে এবারও ফেবারিট মানছিল সবাই। এখন ভেন্যু বদলের সম্ভাবনা জাগায় ভারতের সম্ভাবনা কিছুটা হলেও কমছে। তবে ওয়াসিম আকরামের চোখে এখনো সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত। এআরওয়াই নিউজকে বলেছেন, ‘আমার ধারণা, মূল দলগুলোর মধ্যে ভারত সবচেয়ে ফেবারিট। ওরা ভয়ডরহীন টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। ইংল্যান্ডও শীর্ষে থাকবে। নিউজিল্যান্ডও। আর আপনি কখনোই ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে বলতে পারেন না। যদি ওদের মূল খেলোয়াড়েরা থাকে, ওদের ভয় দেখানোর অভ্যাস আছে।’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারতে হয়েছিল। ২০১৬ সালে সব হিসাব–নিকাশ উল্টে দিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সবার চোখে ফেবারিট দলটিই জিতেছিল বিশ্বকাপ। ফেবারিটের তালিকায় দুইয়ে থাকা ভারত অবশ্য সেমিফাইনালে হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে।
সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হতে পারে। মাঝে এক দশক আরব আমিরাতকেই ঘর বানিয়ে খেলেছে পাকিস্তান। তবে আকরামের চোখে পাকিস্তান ফেবারিট নয়। এমনকি শীর্ষ চার দলেরও একটি নয়! অথচ র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ডের পরই আছে পাকিস্তান।
কিন্তু আকরামের ধারণা, সঠিক একাদশ নির্বাচন করতে না পারাটাই কাল হবে পাকিস্তানের, ‘পাকিস্তান দলের কম্বিনেশন নিয়ে কাজ করা দরকার। পাকিস্তানি হিসেবে আমি অবশ্যই চাইব, পাকিস্তান বিশ্বকাপ জিতুক। তাহলে সবার স্বপ্ন সত্যি হবে, বিশেষ করে তরুণ অধিনায়কের জন্য। যদি তারা দলের কম্বিনেশনে উন্নতি আনতে পারে, সেরা একাদশ বের করতে পারে, তারা লড়তে পারবে। ব্যাটিংয়ে পাঁচ ও ছয়ের সমস্যাটা দূর করতে হবে।’