
বিশ্বকাপের ইতিহাসে ‘আত্মঘাত’ হয়েছে মোট ৩৬ বার। না, চমকে যাওয়ার কিছু নেই। আত্মহত্যা জাতীয় কোনো কিছুর কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে আত্মঘাতী গোলের কথা। কিন্তু ফুটবল মাঠে নিজেদের গোল পোস্টে ভুল করে বল ঢুঁকিয়ে দেওয়ার ব্যাপারটি তো এক প্রকার ‘আত্মহত্যা’ই।
বিশ্বকাপের আসরে আত্মঘাতী গোল করে দলের সর্বনাশ ডেকে আনার ঘটনা অবশ্য পরবর্তী সময়ে প্রাণঘাতেরও কারণ হয়েছে। ১৯৯৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের আত্মঘাতী গোলটি দেশে ফিরে তাঁর মৃত্যুর কারণ হয়েছিল। তাঁর আত্মঘাতী গোলে কলম্বিয়ার বিদায়ের মূল্যটা বড় নির্মমভাবেই এসকোবারকে দিতে হয়েছিল আততায়ীর গুলি মাধ্যমে।
১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপের পর থেকে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পর্যন্ত যতো গোল হয়েছে আত্মঘাতী গোল হচ্ছে তাঁর ১.৬ শতাংশ। হিসাবটা একেবারে হেলাফেলা করার মতো নয়।
বিশ্বকাপের একই ম্যাচে দু-দুটি আত্মঘাতী গোলের রেকর্ডও আছে। ২০০২ সালের জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগাল ও যুক্তরাষ্ট্র ম্যাচে দুই দলের দুই খেলোয়াড়—জর্জ কস্তা ও জেফ অ্যাগুস এই দুটি আত্মঘাতী গোলের জন্য খলনায়ক হয়ে আছেন ইতিহাসে।