বিশ্বকাপে আফ্রিদিই যোগ্য অধিনায়ক: আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক জল ঘোলা করার পর শেষ পর্যন্ত গতকাল শহীদ আফ্রিদির হাতেই পাকিস্তানের বিশ্বকাপ দলের নেতৃত্বের ভার তুলে দিয়েছেন নির্বাচকেরা। মিসবাহ-উল-হকের প্রতি অনেকের জোর সমর্থন থাকার পরও বিশ্বকাপের একেবারে আগ মুহূর্তে অধিনায়ক পরিবর্তন করার ঝুঁকিটা হয়তো নিতে চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর অনেক দ্বিধা-দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতার পরও শেষ পর্যন্ত পিসিবি যে আফ্রিদিকেই বেছে নিয়েছে, এতে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য আফ্রিদিই এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ক্রিকেটার মন্তব্য করে আকরাম বলেছেন, ‘আফ্রিদিকে অধিনায়ক নির্বাচন করে পিসিবি সঠিক কাজটাই করেছে। এই সিদ্ধান্তটা আরও আগে নেওয়া উচিত ছিল। এর পরও আমি খুবই খুশি যে শেষ পর্যন্ত তারা যোগ্য ব্যক্তির হাতেই পাকিস্তানের বিশ্বকাপ দলের নেতৃত্বের ভারটা দিয়েছে। ক্রিকেটে অন্তত এক বা দুই বছর ধরে অধিনায়কত্বের অনেক কলাকৌশল শিখতে হয়। আর আফ্রিদি অনেক দিন ধরেই পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছে। তাই আমার মনে হয়, আফ্রিদিই এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে যোগ্য অধিনায়ক।’শোয়েব আখতার আর আবদুল রাজ্জাক পাকিস্তানের বিশ্বকাপ মিশনে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী আকরাম। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, রাজ্জাকের বিশ্বকাপ শুরু করা উচিত প্রতিযোগিতা সেরা হওয়ার লক্ষ্য নিয়ে। সে একজন অসাধারণ অলরাউন্ডার আর অবশ্যই একজন ম্যাচ-জেতানো ক্রিকেটার। শেষদিকে ব্যাট করতে নেমে সে খুব দ্রুতগতিতে রান সংগ্রহ করতে পারে। যেটা পুরো ম্যাচের নকশাই বদলে দেয়। বোলিং আক্রমণের ক্ষেত্রে উমর গুলকেই প্রধান বোলার হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু শোয়েব আখতার যদি তাঁর ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে সে অবশ্যই হবে দলের তুরুপের তাস।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।