বিশ্বকাপে আমিরাত ও স্কটল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছর পর আবার ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পেল সংযুক্ত আরব আমিরাত। ২০১৫ বিশ্বকাপে ফিরেছে স্কটল্যান্ডও। কাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতে ফাইনালে উঠেই বিশ্বকাপ নিশ্চিত করেছে দল দুটি। এর আগে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে প্রথম ও দ্বিতীয় হয়ে বিশ্বকাপে উঠেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
আরব আমিরাত ও স্কটল্যান্ড আগামীকাল মুখোমুখি হবে ফাইনালে। চ্যাম্পিয়ন দল বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপসঙ্গী হবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’তে। দুই স্বাগতিক ছাড়াও ‘এ’ গ্রুপের বাকি তিন দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও বাছাইপর্বের দ্বিতীয় দল।
ওয়ানডে মর্যাদা হারাল কেনিয়া: একসময় বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল তারা। একই সময়ে ওয়ানডে মর্যাদা পাওয়া কেনিয়া বাংলাদেশের পেছনে পড়ে গিয়েছিল অনেক আগেই। সীমাহীন অভ্যন্তরীণ সমস্যায় ভোগা দেশটি এবার হারাল ওয়ানডে মর্যাদাটাও। কাল নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের কাছে ৩ উইকেটের হারেই তাদের এই সর্বনাশ। বিশ্বকাপে যাওয়া হচ্ছে না, নিশ্চিত হয়েছিল আগেই। কাল কেনিয়ানদের লড়াই ছিল ওয়ানডে মর্যাদা বাঁচানোর। কিন্তু পারল না।
১৯৯৬ বিশ্বকাপে সাড়া জাগানো অভিষেকের পরের বছরই ওয়ানডে মর্যাদা পায় পূর্ব আফ্রিকার দেশটি। ২০০৩ বিশ্বকাপে তো সেমিফাইনালে উঠে পুরো ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছিল কেনিয়ানরা। সেই কেনিয়া এবার টানা ষষ্ঠ বিশ্বকাপে যাওয়ার মিশনে বাধ্য হয়ে ডেকেছিল সাবেক অধিনায়ক স্টিভ টিকোলোসহ তিন অভিজ্ঞ খেলোয়াড়কে। কিন্তু কোনো লাভই হলো না। এএফপি।