বিশ্বকাপে ইংল্যান্ড অধিনায়ক ফার্ডিনান্ড
আগেই শোনা গিয়েছিল, সাবেক সতীর্থের সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্কের জেরে ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়কত্ব হারাতে পারেন জন টেরি। পরশু আনুষ্ঠানিকভাবে এল সেই ঘোষণা। কোচ ফ্যাবিও ক্যাপেলো জানিয়ে দিয়েছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমার মনে হয়েছে নেতৃত্ব থেকে টেরিকে সরিয়ে দেওয়াটাই দলের জন্য ভালো হবে। অধিনায়ক হিসেবে টেরি দুর্দান্ত করেছে। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে আমি ওকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ টেরির সঙ্গে কথা বলেই ঘোষণাটা দিয়েছেন ক্যাপেলো। এদিনই নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের রিও ফার্ডিনান্ডকে। ডেপুটি স্টিভেন জেরার্ড।টেরিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ব্রিটিশ মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রশংসিত হয়েছে ইতালিয়ান কোচ ক্যাপেলোর আপসহীন মনোভাবও। ডেইলি মেইল-এর প্রথম পাতার খবরের শিরোনাম ছিল, ‘গ্রািস, সিনর ক্যাপেলো’। ইতালীয় এই শব্দগুলোর বাংলা করলে অর্থটা দাঁড়ায়—ধন্যবাদ, মিস্টার ক্যাপেলো। কেন এই ধন্যবাদ সেটিও বলছে ডেইলি মেইল, ‘জন টেরি শুধু ইংল্যান্ডের অধিনায়কই ছিলেন না, ছিলেন লাখ লাখ উদীয়মান খেলোয়াড়ের আদর্শও। যার কারণে তাঁকে বরখাস্ত করে ক্যাপেলো এটাই মনে করিয়ে দিলেন, কোটিপতি তারকাদেরও কিছু শিষ্টাচার মেনে চলতে হয়।’কোচের সিদ্ধান্ত মেনে নিয়ে বিবাহিত ও দুই সন্তানের জনক টেরি বলছেন, ‘ইংল্যান্ডের জন্য আগে সেভাবে নিজেকে উজাড় করে দিয়ে খেলেছি, ভবিষ্যতেও সেভাবেই খেলব।’ এএফপি, ওয়েবসাইট।