বিশ্বকাপে এত লাভ!
না, ক্রিকেট বিশ্বকাপের কথা হচ্ছে না। ২০১১ বিশ্বকাপ আইসিসির ভান্ডারে কত কী দিয়ে যায়, সেটা বোঝা যাবে পরে। তবে ফুটবল বিশ্বকাপ থেকে এবার প্রচুর লাভ হয়েছে ফিফার। পাওয়া গেছে সেই হিসাব। গত চার বছরে ৬৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে ফিফার। এই আয়ের বেশির ভাগটাই এসেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে। সংস্থাটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিবছরেই ফিফার আয় বেড়েছে। ২০০৭ সালে বার্ষিক আয় ছিল ৪ কোটি ৯০ লাখ ডলার। ২০১০ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ২০ লাখ ডলারে। ২০০৭ সালের তুলনায় গত বছর ফিফার আয় হয়েছে চার গুণ বেশি। বিশ্বজুড়ে হয়ে যাওয়া অর্থনৈতিক মন্দাও ফিফার আয়প্রবাহে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। আয়ের পাশাপাশি ব্যয়ও অবশ্য কম হয়নি ফুটবলের এই সর্বোচ্চ সংস্থার। ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করতে গিয়ে খরচ হয়েছে প্রায় ৩৫৬ কোটি ডলার, যা বাজেটের চেয়ে ১০ কোটি ৫০ লাখ ডলার বেশি। রয়টার্স।