বিশ্বকাপে এবারও স্বপ্নযাত্রী অনূর্ধ্ব-১৯ দল
শক্তিমত্তা আর দুর্বলতার প্রশ্নে গত কয়েকটা সিরিজ থেকে একই কথা বলে আসছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্ট। শক্তিমত্তার জায়গা ব্যাটিং, দুর্বলতা বোলিংয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আজ রাতে নিউজিল্যান্ড যাওয়ার আগেও সে কথাই বলে যাচ্ছেন দলের কোচ মিনহাজুল আবেদীন। পেস আক্রমণে দুর্বলতা নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে মাহমুদুল হাসানের দল।যুব বিশ্বকাপে বরাবরই ভালো কিছু করার আশা নিয়ে যায় বাংলাদেশ এবং বরাবরই ডুবতে হয় হতাশায়। সর্বশেষ ২০০৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে অষ্টম হয়েছে বাংলাদেশ। এবারও বাংলাদেশের স্বপ্ন বয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক মাহমুদুল হাসান, স্বপ্নটা বড়ই, ‘লক্ষ্য নিয়ে না খেললে বড় কিছু অর্জন করা যায় না। বিশ্বকাপে আমাদের লক্ষ্য প্রথম চারটা দলের মধ্যে থাকা।’ কোচ মিনহাজুলের বিশ্বাস, এই দল নিয়েই ভালো কিছু করা সম্ভব নিউজিল্যান্ডে, ‘এবার পাকিস্তানকেই ফেবারিট ধরা হচ্ছে। তারা হয়তো বা আমাদের চেয়ে ৪০ শতাংশ এগিয়ে আছে। তবে আমি আশাবাদী এই দলটাই ভালো করবে বিশ্বকাপে।’ ‘ডি’ গ্রুপে পাকিস্তান ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনির শক্তিটা অজানা কোচের কাছে। ১৬ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও ২০ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।দলের ব্যাটিং, ফিল্ডিং এবং স্পিন বোলিং নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী মিনহাজুল। প্রথম একাদশে চার স্পিনার খেলানোর পরিকল্পনা আছে, চিন্তাভাবনা আছে নতুন বলেই স্পিনার নিয়ে আসার। লেগ স্পিনার সাব্বির রহমান, উইকেটকিপার-ব্যাটসম্যান আনামুল হক এবং অফ স্পিনার-ব্যাটসম্যান মাহমুদুলের কথা আলাদা করেই বললেন কোচ মিনহাজুল। পেস দুর্বলতার কথাও বলেছেন তিনি, ‘শুরু থেকেই আমাদের পেস আক্রমণ দুর্বল। ইনজুরি, ফর্ম এসব কারণে কোনো পেসারই দলে একটানা খেলতে পারেনি। তবে অনুশীলন ক্যাম্প থেকে আমরা চারজন পেসারকে বাছাই করেছি। এদের মধ্যে আবুল হাসান এবং আলাউদ্দিন বাবু যথেষ্টই আস্থাশীল।’ ২০০৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৮ ম্যাচ খেলে সর্বাধিক উইকেট (৩৭) পেয়েছেন আবুল হাসান। আলাউদ্দিন বাবু ১৪ ম্যাচে পেয়েছেন ৬ উইকেট।কোচ-অধিনায়ক দুজনই একমত, ব্যাটিং-ফিল্ডিংয়ের বাইরে বাংলাদেশের তরুণ দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা অনেক দিন একসঙ্গে থাকা। অধিনায়ক মাহমুদুল বলেছেন, ‘আমরা অনেক দিন একসঙ্গে খেলছি। সবচেয়ে বড় কথা, দলের সবার বয়স প্রায় সমান, সবাই সমান অভিজ্ঞ। এটা দলের জন্য ভালো একটা দিক।’ আর কোচ বলছেন, ‘গত এপ্রিল থেকে এই দলটা একসঙ্গে খেলছে। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে। সব মিলিয়ে শতকরা ৯০ ভাগ প্রস্তুতি শেষ করেই আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’ ১৫ জানুয়ারি বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদুলের দল। ওই দুটি ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে অভ্যস্ত হওয়াটাকেই প্রস্তুতির শেষ অংশ ধরছেন মিনহাজুল।কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আরেকটু আগেই কি বাংলাদেশের নিউজিল্যান্ড যাওয়া উচিত ছিল না? কিংবা বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলারও তো চেষ্টা করা যেত! বাংলাদেশ টিম ম্যানেজার তানজীব আহসান খুব বড় সমস্যা মনে করছেন না এটাকে, ‘আমরা ইংল্যান্ডে সিরিজ খেলেছি। ইংল্যান্ডের কন্ডিশন অনেকটাই নিউজিল্যান্ডের মতো। এ ছাড়া শ্রীলঙ্কার তিন জাতি সিরিজেও বিশ্বকাপের কথা মাথায় রেখে ঘাসের উইকেটে খেলা হয়েছিল।’