বিশ্বকাপে এসে ছিনতাইয়ের শিকার
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় সংশয় ছিল, দেশটির নিরাপত্তা কাঠামো। চুরি, ছিনতাই, রাহাজানি যে দেশের নিত্যদিনের ঘটনা, সেখানে বিশ্বকাপ আয়োজন করায় ফিফাকে একহাত নিয়েছিলেন অনেক ফুটবল বোদ্ধাই। গড়ে যে দেশে প্রতিদিন ৫০টি করে খুন হয়, সেখানে বিশ্বকাপ আয়োজন করায় ফিফার বিচারবুদ্ধি নিয়েই প্রশ্ন তুলেছিল অনেকে। আয়োজক দক্ষিণ আফ্রিকা বরাবরই সবাইকে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়ে এসেছে। কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র এক দিন আগে শেষ পর্যন্ত নিরাপত্তাসংক্রান্ত একটি বড় ধরনেরই অঘটন ঘটে গেছে।গতকাল বুধবার পর্তুগাল ও স্পেনের বেস ক্যাম্প ম্যাগালিয়েসবার্গে নিজ হোটেলে দুর্বৃত্তদের অস্ত্রের মুখে সর্বস্ব খুইয়েছেন এক পর্তুগিজ ফটোসাংবাদিক। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক সংবাদে জানা গেছে, এন্তোনিও সিমোয়েস নামের ওই সাংবাদিকের হোটেল কক্ষে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে প্রবেশ করে এবং তাঁর ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোনসহ নগদ অর্থ হাতিয়ে নেয়। এন্তোনিও সিমোয়েস রয়টার্সকে বলেন, ‘আমি সে সময় ঘুমিয়ে ছিলাম। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে সবকিছু লট করে নেয়। পুরো ঘটনাটি ঘটেছে দুই মিনিটের মধ্যে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল দুই ঘণ্টা।’ এদিকে ম্যাগালিয়েসবার্গ পুলিশ জানিয়েছে, এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।এদিকে বিশ্বকাপ কভার করতে আসা অনেক সাংবাদিকই তাঁদের বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ জানিয়েছেন পুলিশকে। তাঁরা জানিয়েছেন, হোটেল কক্ষ তালা মেরে যাওয়ার পরও ল্যাপটপ, ক্যামেরার মতো জিনিসপত্র খোয়া গেছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় নেমেই অনেকে জোহানেসবার্গ বিমানবন্দরেই হারিয়েছে মালপত্র।ম্যাগালিয়েসবার্গ দক্ষিণ আফ্রিকার একটি স্বাস্থ্যকর স্থান হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ শহরেই পর্তুগাল ও স্পেন দলের বেস ক্যাম্প রয়েছে।