বিশ্বকাপে কাঁপে জার্মানরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের প্রতি জার্মানদের ভালোবাসাটা অন্য রকমই ছবি: রয়টার্স
ফুটবলের প্রতি জার্মানদের ভালোবাসাটা অন্য রকমই ছবি: রয়টার্স

এমনিতে জার্মান জাতি অতটা আবেগপ্রবণ নয়। কিন্তু ফুটবলকেন্দ্রিক আলোচনায় তারা সব সময়ই আছে। বিশ্বকাপের সময় এ ব্যাপারটা আরও জমজমাট। নিজের দেশ ফাইনালে ওঠায় জার্মানরা এখন আবেগ-উত্তেজনায় থরোথরো। আজ রাতের ফাইনালকে কেন্দ্র করে জার্মানির রাস্তাঘাট, বাসস্টপ, শপিং মল, ট্রেন-স্টেশন, স্কুল-কলেজ—সর্বত্রই একটাই আলোচনা। জার্মানি কি পারবে ২৪ বছর পর বিশ্বকাপ নিজেদের করে নিতে?

জার্মানদের মতো ফুটবলপাগল জাতির জন্য এই ২৪ বছর বেশ বড় সময়ই। বিশ্বকাপের জন্য একেবারে উন্মুখ হয়ে আছে গোটা জাতি। এই ২৪ বছরে তারা দুইবার কোয়ার্টার ফাইনাল, দুইবার সেমিফাইনাল আর একবার ফাইনালে খেললেও বিশ্বজয়ের অনন্য সম্মানটা তাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। এবার যেন অতীতের পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে জার্মানদের প্রার্থনাটা মন ছুঁয়ে যাওয়ার মতোই।

ফুটবলের প্রতি জার্মানদের ভালোবাসাটা অন্য রকমই। প্রায় সবাই মাঠে গিয়ে বুন্দেসলিগার খেলা দেখার চেষ্টা করেন। মাঠে যেতে না পারলেও রেস্তোরাঁ কিংবা বারে বসে তাঁরা খেলা দেখার পর্বটা সেরে ফেলেন। এর পাশাপাশি বাড়ির ড্রয়িংরুমের টেলিভিশন তো আছেই।

এবারের বিশ্বকাপ আটলান্টিকের ওপারে হলেও জার্মানদের এ ব্যাপারে উত্সাহ-উদ্দীপনাটা অন্য রকমই। জার্মানির বড় বড় শহরেই ঢাউস পর্দায় খেলা দেখার বন্দোবস্ত করা হয়েছে। রাস্তার ধারে প্রায় প্রতিটি রেস্তোরাঁতেই রয়েছে খেলা দেখার ব্যবস্থা। বিশ্বকাপ নিয়ে মানুষের উদ্দীপনাটা এমন যে খেলা দেখার ব্যবস্থা না করাটাই রেস্তোরাঁ-বারগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সুপার মার্কেটগুলোতে লাইন পড়েছে জার্মানির দুই ধরনের জার্সি সংগ্রহের। খেলার আগে প্রায় সব দোকানেই জার্সি বিক্রি শেষ। ছেলেমেয়ে সবার শরীরেই শোভা পাচ্ছে জার্মানির সাদা এবং লাল-কালো জার্সি।

জার্মান আধা-সরকারি টেলিভিশন জেডিএফ এবং এআরডি বিশ্বকাপের সবিশেষ খবর জানাতে ব্রাজিলে আলাদা স্টুডিও পর্যন্ত তৈরি করেছে। এই স্টুডিও দুটোয় বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে থাকছেন জার্মানির সাবেক ফুটবল তারকারা। বার্লিনের বার্ন্ডেনবুর্গ গেটে লাগানো হয়েছে সবচেয়ে বড় টেলিভিশন পর্দা। এতে বিশ্বকাপে জার্মানির ম্যাচগুলো দেখতে প্রতিদিনই জড়ো হচ্ছেন লাখ লাখ মানুষ।


আগেই বলা হয়েছে, জার্মানরা ফুটবল ছাড়া আর কোনো বিষয়েই বাড়তি উত্সাহ বা আগ্রহ দেখাতে পছন্দ করেন না। ফুটবল তাঁদের ভেতরে কীভাবে মিশে গেছে তার একটা উদাহরণ দিতে গিয়ে জার্মান পত্রিকা ডের স্পিগেল লিখেছে, এই মুহূর্তে প্রতিটি জার্মানই একেকজন ফুটবল-বিশেষজ্ঞ। আট কোটি মানুষই নিজেদের কোচ হিসেবে মনে করছেন।

কোচের প্রসঙ্গ যখন এসেই গেল, তখন জাতীয় দলের কোচ জোয়াকিম লোর কথা না বললেই নয়। ২০০৬ বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার পর এই ভদ্রলোক জার্মানিকে একটি ধারাবাহিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বকাপ আর ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে জার্মান ফুটবল দল তাঁর অধীনে বারবার চূড়ান্ত বিজয়ের দিকেই এগিয়ে গেছে। কিন্তু কোনো এক কারণে শেষ লগ্নে এসে সাফল্যটা হাত দিয়ে ধরা হয়নি। পুরো বিষয়টিকে দুর্ভাগ্যজনকই মনে করেন সাধারণ জার্মানরা। জোয়াকিম লোর প্রতি রয়েছে তাঁদের অগাধ আস্থা। আজ বিশ্বকাপ জিতলে লো সেপ হারবার্গার, হেলমুট শন আর ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পাশে বিশ্বজয়ী জার্মান কোচ হিসেবে নিজেকে অমর করে রাখবেন।

এদিকে বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম আর বিশ্বকাপ নিয়ে মাতামাতির খবরও এসেছে জার্মান পত্রিকায়। ভেস্টফালিয়া ব্লাট পত্রিকা ‘বাংলাদেশে বিশ্বকাপ-জ্বর’ শিরোনামে এক প্রতিবেদনে লিখেছে, ‘১৯৮০ সালের পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে উল্লেখ করার মতো কোনো সাফল্য দেখাতে না পারলেও ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা অসীম। পুরো দেশটিই এখন কাঁপছে ফুটবল-জ্বরে। সারা দেশ সয়লাব হয়ে আছে বিভিন্ন দেশের পতাকায়।’

মাগুরার এক অতি উত্সাহী কৃষক আমজাদ হোসেন, নিজের জমি বিক্রি করে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মান পতাকা বানিয়েছেন। ঢাকার জার্মান দূতাবাস সূত্রে জানা গেছে, চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ভন ভায়ে শনিবার মাগুরাই গিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জার্মানির জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদের সনদ আমজাদ হোসেনের হাতে তুলে দিয়ে তাঁকে সম্মানিত করেছেন।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানের খেলোয়াড়দের সাহস জোগাতে প্রথম খেলার দিনই ব্রাজিলে গিয়ে উপস্থিত হয়েছিলেন। ফুটবলপাগল জার্মান চ্যান্সেলর পর্তুগালের বিপক্ষে ম্যাচে জার্মানির জয়ের পর সোজা খেলোয়াড়দের সাজঘরে গিয়ে হাজির হয়েছিলেন। আজকের ফাইনালেও উপস্থিত থাকবেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং প্রেসিডেন্ট ইওয়োখিম গাউক।

বাড়তি সমর্থন জোগাতে জার্মানি থেকে ব্রাজিল গেছেন ১০ হাজার জার্মান দর্শক। জোয়াকিম লো ছাড়াও এবারের বিশ্বকাপে আরও তিনটি দলের কোচ ছিলেন জার্মান। যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান তো ছিলেন ১৯৯০ সালে জার্মানির সর্বশেষ বিশ্বকাপ বিজয়ী দলের খেলোয়াড়। তাঁর পাশাপাশি সুইজারল্যান্ডের অটোমার হিটজফেল্ড, ভল্কার ফিঙ্কে জার্মানির ফুটবল-শক্তিরই জানান দিয়েছেন বিশ্বকে।

জার্মান-ব্রিটিশদের চির বৈরিতা সর্বজনবিদিত। কেউ কারও সংস্কৃতিকে গ্রহণ করতে না চাইলেও জার্মানরা ব্রিটিশদের ফুটবলকে বেশ ভালোভাবেই নিয়েছে। ১০৬ বছর ধরে জার্মান জাতীয় ফুটবল দল ৮৮৮টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছে বিভিন্ন দেশের সঙ্গে। এর মধ্যে জার্মানির জয় ৫১৫টি ম্যাচে। ড্র হয়েছে ১৮১টি আর জার্মানি পরাজিত হয়েছে ১৯২। দেশটি তিনবারের বিশ্বকাপ বিজয়ী আর চারবারের রানার্সআপ।

পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে যে জার্মানি এবারের বিশ্বকাপ শুরু করেছিল তার আজ অন্তিম লগ্ন। জার্মান ফুটবলের সাফল্যের রহস্যটা অবশ্যই অন্য রকম। দলটিতে সেরকম নামী তারকা নেই। এমন খেলোয়াড় নেই, যিনি একক প্রতিভায় মাতিয়ে দেবেন চারদিক। তার পরও তাঁরা জেতেন এবং বেশ ভালোভাবেই জেতেন। তাঁদের সাফল্যের ওই রহস্য নামী তারকা খেলোয়াড়, একক প্রতিভা কিংবা সৃজনশীলতা নয়, তাঁদের সাফল্যের রহস্য হলো—দলগত নান্দনিক ফুটবল, তাঁদের গোছাল প্রস্তুতি, শারীরিক, স্নায়বিক এবং মানসিক, সেই সঙ্গে তাঁদের শৃঙ্খলাই তাঁদের মূল শক্তি। জার্মানরা যেমনই খেলুক, হতোদ্যম হয়ে হাল ছেড়ে দেওয়া তাঁদের স্বভাবে নেই। তাই শত বছর পরও জার্মান ফুটবল হয়েছে আরও দৃষ্টিনন্দন ও ছন্দময়—জয়-পরাজয় এখানে মুখ্য বিষয় নয়। খেলার মানবিকতা আর সৌন্দর্যের মূল্যও কিন্তু যথেষ্ট চড়াই।