বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়: স্টিভেন জেরার্ড
প্রশ্ন: এই মৌসুমটি লিভারপুলের জন্য একেবারেই ভালো কাটেনি। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতা, ইংলিশ লিগে সপ্তম স্থান পাওয়ায় ইউরোপা লিগেও খেলতে পারেননি আপনারা...জেরার্ড: হ্যাঁ একটি হতাশাজনক মৌসুম কাটালাম আমরা। সমর্থকদের প্রত্যাশার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ আমাদের পারফরম্যান্স। এর অনেক কারণ ছিল। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়গুলোতে সবচেয়ে বেশি ভুগিয়েছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি। তবে এসবই খেলার অংশ। আমি কেবল লিভারপুলের সমর্থকদের বলতে চাই, আগামী মৌসুমে আমরা ভালো করব। তাঁদের কেবল একটি বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।প্রশ্ন: এমন একটা বাজে মৌসুম শেষে আপনি কীভাবে নিজেকে বিশ্বকাপের জন্য মানসিকভাবে প্রস্তুত করবেন?জেরার্ড: এটা এমন কোনো কঠিন কাজ নয়। বিশ্বকাপে খেলাই যেকোনো খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণার ব্যাপার। বিশ্বকাপ এমন এটা আসর, যেখানে সারা বিশ্বের কোটি কোটি ফুটবল দর্শকের দৃষ্টি নিবদ্ধ থাকে। এখানে বিশ্বের সেরা দলগুলোর সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে হয়। বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।প্রশ্ন: ইংল্যান্ড যতবারই বিশ্বকাপ খেলতে যায়, ততবারই সবাই আশা করে দলটির শিরোপা জেতার। আপনি কী মনে করেন, এই আশা ইংল্যান্ডের ওপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করে?জেরার্ড: আন্তর্জাতিক ফুটবলই এমন। আপনি কোথাও খেলতে গেলে সমর্থকেরা আপনার জয়েরই আশা করবে। একটি পেশাদার দলকে সমর্থকদের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এই প্রত্যাশাই অনুপ্রেরণা। ইংল্যান্ডে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা এখানে লাখো কোটি দর্শক ফুটবল ভালোবাসে, ফুটবলের খবর রাখে, ইংল্যান্ডের শিরোপা জেতার প্রত্যাশা তো তারা করতেই পারে। এতে আমি কোনো দোষ দেখি না।প্রশ্ন: এবার ইংল্যান্ড কি পারবে বিশ্বকাপ জিততে?জেরার্ড: এটা জুলাই মাসের ১১ তারিখের আগে বলা আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের পরিশ্রম করতে হবে। নিজেদের বিশ্বচ্যাম্পিয়নের উপযোগী করে তৈরি করতে হবে। বিশ্বকাপ প্রতি চার বছর পরপর আসে। এখানে কোনো সুযোগ হাতছাড়া করার সুযোগ নেই। একবার কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেলে আপনার চার বছর অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই, যা হতাশাজনক ও বিরক্তিকর। তাই আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার দিন থেকে ১১ জুলাই পর্যন্ত আমাদের সর্বস্ব নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে।প্রশ্ন: এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড তো খুবই ভালো খেলেছে। ১০ ম্যাচের নয়টিতে জেতা তো কোনো সহজ ব্যাপার নয়...জেরার্ড: হ্যাঁ। ২০০৮ সারের ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে না পারার ব্যর্থতা আমাদের তাড়িয়ে ফিরছিল। বিশ্বকাপ বাছাইপর্বে এতগুলো ম্যাচ জিতে কোয়ালিফাই করতে পেরে অনেকটাই নির্ভার লাগছে। ইউরোর ব্যর্থতা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা অনেক বেশি শক্ত হয়েছি। তবে বাছাইপর্বের দুর্দান্ত পারফরম্যান্সের পরও আমাদের মধ্যে যে কোনো গা-ছাড়া ভাব নেই, তা জানিয়ে দিতে চাই। আমরা জানি, এখনো আমাদের অনেক পথ পাড়ি দিতে বাকি। বিশ্বকাপের বাছাইপর্ব ও চূড়ান্তপর্বের মেজাজ কখনোই এক নয়, এক হতে পারে না।প্রশ্ন: ইংল্যান্ডের কোচ একজন ইতালীয়। ব্যাপারটা একটু অন্য রকমই। ফ্যাবিও ক্যাপেলো সম্পর্কে আপনার মূল্যায়ন কী?জেরার্ড: তিনি দুর্দান্ত একজন কোচ। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারেন প্রচণ্ডভাবে। তিনি সফল একজন কোচ। আমরা তাঁর অধীনে খেলে সফল হয়েছি এবং সবাই চাই, তাঁকে আরও সাফল্য এনে দিতে।প্রশ্ন: আপনি এবং ফ্রাংক ল্যাম্পার্ড দুজনই নিজ নিজ ক্লাবের পক্ষে দারুণ সফল। দুজনই ইংল্যান্ডের সেরা দুই মিডফিল্ডার। কিন্তু আপনারা যখন একসঙ্গে ইংল্যান্ড দলে খেলেন, তখন তেমন একটা সফল নন কেন?জেরার্ড: সত্যি বলতে কি, এটা আমার কাছেও বিরাট এক রহস্য। আমি সত্যিই জানি না কেন এমন হচ্ছে। চেলসির পক্ষে খেলার সময় ল্যাম্পার্ড ডান দিকে খেলে। ওর সঙ্গে থাকে দিদিয়ের দ্রগবা ও নিকোলাস অ্যানেলকা। ল্যাম্পার্ড ডানপ্রান্তে খেললেও দিদিয়ের ও নিকোলাসের সঙ্গে প্রায় সময়ই জায়গা আদান-প্রদান করে। লিভারপুলের পক্ষেও আমার ল্যাম্পার্ডের মতোই ভূমিকা। জাতীয় দলের পক্ষে খেলার সময় আমাদের দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন জানি বোঝাপড়াটা অতীতে কখনই ভালো হয়নি। তবে ধীরে হলেও আমাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়া গড়ে উঠেছে—এটাই স্বস্তি ও আনন্দের কথা।প্রশ্ন: কোচ ক্যাপেলো যদি ল্যাম্পার্ডকে ডান দিকে অথবা মাঝখানে খেলান, আপনাকে তো তাহলে বাঁ দিকে খেলতে হবে। আপনি কি তা করবেন?জেরার্ড: খুব সম্ভবত আমাকে বাঁ দিকেই খেলতে হবে। কোচ ক্যাপেলো এটাই ঠিক করেছেন। আমি কেবল বাঁ দিকেই নয় মাঠজুড়েই খেলব। কোচ আমাকে যেকোনো জায়গা দিয়ে প্রতিপক্ষের সীমানায় আক্রমণ রচনা করার স্বাধীনতা দিয়েছেন। অনেকটা লিভারপুলে আমার ভূমিকাটা যেমন হয়, তেমনই। আমি ওপরেও উঠব, নিচেও নামব সমানভাবে—যেভাবে প্রতিপক্ষের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা যায়। তবে পুরো ব্যাপারটাই নির্ভর করবে কোচ একটি নির্দিষ্ট খেলার কৌশল কীভাবে সাজাবেন, তার ওপর।প্রশ্ন: বিশ্বকাপে ইংল্যান্ড যে গ্রুপে পড়েছে, সেটাকে তো মোটামুটি সহজ গ্রুপই বলা যায়। স্লোভেনিয়ার সঙ্গে তুলনামূলক বিচারে ইংল্যান্ডের জন্য যুক্তরাষ্ট্র ও আলজেরিয়াতো সহজ প্রতিপক্ষই...জেরার্ড: দেখুন, বিশ্বকাপে সহজ গ্রুপ বলে কিছু নেই। এখানে বিশ্বের সেরা ৩২টি দল খেলবে। সবগুলো দলই শক্তিশালী। প্রতিটি প্রতিপক্ষই শক্ত। আলজেরিয়ার কথাই ধরুন, তারা মনে প্রাণে চাইবে ইংল্যান্ডকে হারাতে। কারণ, সেটা হবে তাঁদের ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় তারা সর্বস্ব উজাড় করে দেবে।প্রশ্ন: ইংল্যান্ড বিশ্বকাপে ডেভিড বেকহ্যামকে নিশ্চয়ই দারুণ মিস করবে?জেরার্ড: বেকহ্যাম একজন চ্যাম্পিয়ন ফুটবলার। তাঁর মানের একজন খেলোয়াড়কে মিস না করার তো কোনো কারণ নেই। এর আগের তিনটি বিশ্বকাপে বেকহ্যাম ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ খেলতে পারছেন না। একজন খেলোয়াড়ের জীবনে ইনজুরি অবিচ্ছেদ্য অংশ। দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের টিম হোটেল, ড্রেসিংরুম, মাঠ—সব জায়গাতেই বেকহ্যামকে পেলে দারুণ হতো। আমরা তাঁকে খুবই মিস করছি।