বিশ্বকাপে খেলার শেষ সুযোগ
কালকের দিনটা দুই দল কাটাল দুই রকম। সকালে দুই ঘণ্টার মতো অনুশীলন করল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা গেল না মাঠের ধারেকাছেও। ছুটির দিন কেটেছে শপিং আর বিশ্রামে।কালকের অমিল আজ আর থাকছে না। আজ দুই দলই দাঁড়িয়ে এক মঞ্চে, একে অন্যের বিপক্ষে বাঁচা-মরার সম্মুখ সমরে। ২০১৩ সালের ভারত বিশ্বকাপে খেলতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। শ্রীলঙ্কা খেলতে চাইলে বাংলাদেশকে না হারালে চলবে না তাদেরও।আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট পেয়ে হঠাৎ করেই বাংলাদেশের মহিলা ক্রিকেটে আলোচিত চরিত্র খাদিজাতুল কুবরা। ক্যামেরার লেন্স তাঁকে খোঁজে। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও আজকের ম্যাচ নিয়ে আশাবাদী কুবরার কণ্ঠ। তবে আশাটা শর্ত সাপেক্ষে, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। ভালো খেললে জয় অসম্ভব নয়। আমাদের ফিল্ডিং ও ব্যাটিং আরও ভালো হতে হবে। আমরা ব্যাটিংয়েই বেশি গুরুত্ব দেব।’বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ব্যাটিংটাই বেশি দুশ্চিন্তার কারণ। এ ব্যর্থতার একটা কারণ কাল দেখিয়ে দিলেন কুবরার সতীর্থ শুকতারা, ‘অভিজ্ঞতা না থাকলে আসলে ভালো ব্যাটিং করা সম্ভব নয়। একজন ব্যাটসম্যান যখনই ব্যাটিংয়ে যাবে তার চিন্তা থাকবে রান করা। আমার মনে হয় এখানে সেটাই হচ্ছে...রান করতে গিয়েই অনেকে উইকেট দিয়ে চলে আসছে।’ শুকতারার কাছে ভালো দল হয়ে ওঠার প্রথম শর্ত ভালো ব্যাটিং করা। শ্রীলঙ্কার মেয়েদের এখানেই এগিয়ে রাখছেন নিজেদের চেয়ে, ‘শ্রীলঙ্কার ব্যাটিং আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের বোলিং-ফিল্ডিং ভালো। তবে ওদের হারাতে হলে অনেক ভালো ব্যাটিং করতে হবে।’ওয়ানডে মর্যাদা পাওয়ার আশা আজ হারলেও থাকবে। কিন্তু প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই। ম্যাচটাকে তাই জীবন-মরণ লড়াই হিসেবেই নিচ্ছেন শুকতারা, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন আমরা অবশ্যই দেখি। আমাদের আসলে বলার ভাষা নেই...আমরা কীভাবে এটাকে নিচ্ছি। আমরা যদি কাল (আজ) জিততে চাই আমাদের জান-প্রাণ দিয়ে খেলতে হবে।’বিশ্বকাপ বাছাইয়ের আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। হেরেছে বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচেও। এসবের বাইরেও শ্রীলঙ্কার বিপক্ষে এখনো একটিও জয় নেই বাংলাদেশের। লঙ্কানরাই তাই আজ সব দিক দিয়ে ফেবারিট। প্রতিপক্ষদের শুকতারা এগিয়ে রাখছেন আরও একটা জায়গায়, ‘অভিজ্ঞতার দিক দিয়েও শ্রীলঙ্কা অনেক শক্তিশালী। আমাদের তো তেমন কোনো ম্যাচই খেলা হয় না। অভিজ্ঞতা তখনই বাড়বে যখন বেশি বেশি ম্যাচ খেলব। সে রকম ম্যাচ আমরা খেলি না।’শ্রীলঙ্কান অধিনায়ক দিলানি মানোদারা অবশ্য এগিয়ে-পিছিয়ে থাকার ব্যাপারটাকে খুব গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশের বিপক্ষে অতীত যতই সমৃদ্ধশালী হোক, বিশ্বকাপ বাছাই বাংলাদেশ সম্পর্কে তাঁকে দিয়েছে নতুন ধারণা, ‘বাংলাদেশকে আমরা হালকাভাবে নিচ্ছি না। আগে যা-ই হোক বিশ্বকাপ বাছাইপর্বে তারা ভালো খেলছে।’ তবে জয়-পরাজয়ের সম্ভাবনায় মানোদারা এগিয়ে রাখছেন নিজেদেরই, ‘এটা আমাদের জন্যও বাঁচা-মরার লড়াই। যেভাবেই হোক বাংলাদেশের বিপক্ষে আমাদের জিততে হবে এবং আমরা আশাবাদী।’নিজেদের মাঠে এই আশাটা বাংলাদেশের মেয়েদেরও। শ্রীলঙ্কা কাগজ-কলমে যত বড় দলই হোক না কেন, বড় মঞ্চে ডানা মেলার স্বপ্ন দেখতে তো বাধা নেই!