বিশ্বকাপে চমকে দেবে পাকিস্তান!
সাম্প্রতিক সময়ে কোনো সুখবর নেই। পাকিস্তান ক্রিকেট পেয়েছে কেবল হতাশা আর লজ্জার খবর। একদিকে ক্রিকেটারদের দুর্বল পারফরম্যান্স, অন্যদিকে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। এত কিছুর পরও আসছে বিশ্বকাপে পাকিস্তান বিশ্বকে চমকে দেবে বলে বিশ্বাস করেন ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশে ফেরার পর দ্য নিউজকে আফ্রিদি বলেন, ‘লোকে কী ভাবছে ও বিশ্বাস করছে, এটা কোনো বিষয় নয়। আমি ভবিষ্যদ্বাণী করব না। কিন্তু এটা পরিষ্কার করে দিতে চাই, বিশ্বকাপ জিততে সর্বোচ্চ চেষ্টা করবে পাকিস্তান।’লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন দলের শীর্ষস্থানীয় তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের গুঞ্জন রয়েছে শোয়েব মালিক ও কামরান আকমলের বিরুদ্ধেও। বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৭ দিন। অথচ এখন পর্যন্ত ৩০ সদস্যের প্রাথমিক দলটাই চূড়ান্ত করতে পারেনি পাকিস্তান। এ পরিস্থিতিটা কীভাবে মূল্যায়ন করছেন প্রশ্নে আফ্রিদি বলেন, ‘এটা অবশ্যই আদর্শ অবস্থা নয়। কিন্তু চাপের মধ্যে আমরা ভালো করতে পারি। আর এটাই আমাদের ইতিহাস।’ ক্রিকইনফো।