বিশ্বকাপে চোখ কাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার পরবেন এসি মিলানের জার্সি। কাকা তাই দারুণ উচ্ছ্বসিত। পরশু মিলানে  এএফপি
আবার পরবেন এসি মিলানের জার্সি। কাকা তাই দারুণ উচ্ছ্বসিত। পরশু মিলানে এএফপি

২৩ মে, ২০০৭। এসি মিলানের ইউরোপীয় শ্রেষ্ঠত্বের সর্বশেষ সুখস্মৃতির দিন। লিভারপুলকে হারিয়ে সেদিন চ্যাম্পিয়নস লিগ জিতেছিল মিলান। কাকা-ফিলিপ্পো ইনজাগির যুগলবন্দীতে এসেছিল দুই গোল। সোনায় মোড়ানো সেই মৌসুমের জন্য কাকা জিতেছিলেন ব্যালন ডি’অর।
এরপর কেটে গেছে ছয় বছর। কাকা এরই মধ্যে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু বার্নাব্যুতে মিলানের সেই কাকাকে খুঁজে পাওয়া যায়নি। রিয়ালের চার বছরকে কাকা এখন স্মৃতি থেকে মুছেই ফেলতে চাইবেন। সে জন্যই আবার মিলানে ফেরার পর বললেন, ‘এখানে ফিরতে পেরে আমি খুশি। মাদ্রিদে একটা কঠিন সময়ের পর আমি সব সময় ফিরতে চেয়েছিলাম। ২০০৯ সালে ক্লাব ছাড়াটা আমার জন্য সুখকর কিছু ছিল না। তবে ফুটবলে এমনটা ঘটতেই পারে।’
কিন্তু সেই মিলান তো আর নেই। যাঁর সঙ্গে জুটি গড়ে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছিলেন, সেই ইনজাগিও মিলান ছেড়ে গেছেন। মিলানের জন্য চ্যাম্পিয়নস লিগ দূরে থাক, সিরি আ জেতার পথও দুস্তর পারাবার।
তবে একজন আছেন, যিনি হতে পারেন সম্ভাব্য উত্তরসূরি। মারিও বালোতেল্লি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন আগেই। কেমন হবে দুজনের জুটি? কাকা আত্মবিশ্বাসী, ‘মারিও দারুণ এক খেলোয়াড়। পিপ্পোর (ইনজাগি) সঙ্গে যেমন খেলেছিলাম, ওর সঙ্গেও তেমনটা খেলতে চাই।’
স্কলারির ব্রাজিলে ব্রাত্য হয়ে পড়লেও মিলানে ফেরাটা বিশ্বকাপের দরজা খুলে দেবে বলে আশা কাকার, ‘আশা করি, মিলান আমাকে বিশ্বকাপে খেলতে সাহায্য করবে। তবে আমি ধীরে ধীরে এগোতে চাই।’ রয়টার্স।