বিশ্বকাপে চোখ ফাওয়াদ আলমের
বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ২০০৭ সালের মে মাসে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তবে গত তিন বছরে মাত্র ১৭টি এক দিনের ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি, সর্বশেষ খেলেছেন এ বছরের জানুয়ারিতে। এবার ইংল্যান্ড সফরের এক দিনের সিরিজে তাঁকে দলে রেখেছেন নির্বাচকেরা। এ সিরিজেই নিজেকে প্রমাণ করে দলে জায়গা ধরে রাখতে মরিয়া পাকিস্তানের এই ব্যাটসম্যান। আগামী বছরের বিশ্বকাপ দলে জায়গা পাওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন ফাওয়াদ।ফাওয়াদ আলম বলেন, ‘বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। ক্রিকেটের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার মধ্যে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। আমি জানি, বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে ভালো করার বিকল্প নেই। আর সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি আমি।’ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে ডাক পেয়েছেন, কিন্তু মূল একাদশে নির্বাচকেরা তাঁকে রাখবেন কি না তা অনিশ্চিত। ফাওয়াদ বলছেন, ‘আশা করছি, ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে জায়গা পাব আমি। বিশ্বকাপ ছয় মাসের মতো আছে বলে এখনই প্রমাণ করতে হবে যে দলে জায়গা পেলেই আমি ভালো খেলতে পারি।’—ক্রিকইনফো