বিশ্বকাপে চোখ 'মৃত্যুঞ্জয়ী' আবিদালের

মরণব্যাধি ক্যানসারকে জয় করেছেন। বার্সেলোনায় অবশ্য থাকতে পারেননি। প্রায় এক যুগ পর ফিরে এসেছেন স্বদেশি ক্লাব মোনাকোতে। ‘মৃত্যুঞ্জয়ী’ এরিক আবিদালের এখন শুধুই সামনে তাকানোর পালা।
হ্যাঁ, সামনেই তাকাচ্ছেন ফরাসি ডিফেন্ডার আবিদাল। জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন। তবে মেঘ না চাইতেই যেন বৃষ্টির দেখা পেলেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। কাল বুধবার বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ফ্রান্সের ডাক পেয়েছেন। জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে যারপরনাই বিস্মিত আবিদাল, ‘দুই বছর কঠিন সময় পার করেছি। কখনোই ভাবিনি, আবারও জাতীয় দলে খেলার সুযোগ পাব। দলে ফিরতে পেরে, নীল জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামার সুযোগ পেয়ে আমি গর্বিত।’
বিস্ময়করভাবে দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় উঁকি দিচ্ছে নতুন স্বপ্ন। সেটা লুকিয়েও রাখেননি আবিদাল, ‘বার্সা ছাড়ার পর অনেক কিছু ঘটে গেছে। আমি খুব খুশি, নতুন জীবন উপভোগ করছি। খেলতে পারলেই কেবল আমার ভালো লাগে। আমি মনে করি, যদি মোনাকোর হয়ে ভালো খেলতে পারি, ভালো একটা মৌসুম কাটাতে পারি, অবশ্যই জাতীয় দলে জায়গা পাব। আশা করছি, ব্রাজিলেও যেতে পারব।’
২০১১ সালের মার্চে প্রথম ধরা পড়ে আবিদালের শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী ক্যানসার। সেটা যকৃতের টিউমার আকারে। দ্রুতই অস্ত্রোপচার করানো হয়। কিন্তু প্রথম অস্ত্রোপচারে সমস্যা হওয়ায় চিকিত্সকেরা নিশ্চিত হন, তাঁর যকৃত্ই প্রতিস্থাপন করতে হবে। যকৃত্ প্রতিস্থাপনের আগে চিকিত্সকেরাই সংশয় প্রকাশ করেছিলেন, আর হয়তো কোনো দিন তিনি ফুটবল খেলতে পারবেন না। এমনকি তাঁর জীবনই ছিল হুমকির মুখে। তবে সব আশঙ্কা মিথ্যে প্রমাণ করেন আবিদাল। এক বছরের বেশি সময় বাইরে কাটিয়ে গত এপ্রিলে বার্সার হয়ে আবারও মাঠে নামেন। ন্যু ক্যাম্পে অবশ্য বেশি দিন থাকার সুযোগ হয়নি তাঁর।
গত জুনে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয় আবিদালের। ফরাসি এই ডিফেন্ডারের ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার আগ্রহ ছিল। তবে ক্যানসার থেকে ফিরে আসা আবিদালের শারীরিক অবস্থা বিবেচনা করে চুক্তিটা নবায়ন করেনি বার্সা। সূত্র: রয়টার্স।