বিশ্বকাপে জেগে উঠেছে চট্টগ্রাম
টিকিট বিক্রির সময় থেকেই বিশ্বকাপের উত্তাপ পেতে শুরু করেছে চট্টগ্রাম। এখন চারদিকে চলছে সাজসজ্জা। পুরোনো কাঠামো ভেঙে নতুন করে গড়ার কাজ চলছে। নগরের সৌন্দর্যবর্ধন, রাস্তার মোড়ে মোড়ে পানির ফোয়ারা, রঙের প্রলেপ—সবকিছু বিশ্বকাপকে ঘিরে। স্থানীয় লোকজনের বিশ্বকাপ আমেজ আরও বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের স্বপ্নসারথিরা। গতকাল ক্রিকেট দল পৌঁছেছে চট্টগ্রামে।৪ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ক্রিকেটাররা অনুশীলন করবেন। গতকাল বেলা ১১টার দিকে বিমানযোগে দলের ১০ ক্রিকেটার পৌঁছান চট্টগ্রামে। এর ১৫ মিনিট পর অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালসহ বাকি পাঁচজন পৌঁছান আরেক উড়ানে।তবে চট্টগ্রামে এলেও গতকাল তাঁরা অনুশীলন করেননি। হোটেলেই সময় কাটিয়েছেন। বিশ্বকাপের একটি প্র্যাকটিস ম্যাচসহ চট্টগ্রামে বাংলাদেশ দলের ম্যাচ রয়েছে তিনটি। ১২ ফেব্রুয়ারি কানাডার সঙ্গে প্রথম প্র্যাকটিস ম্যাচ। এর আগে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই চট্টগ্রামে অনুশীলন করতে আসা, জানিয়েছেন দলের ম্যানেজার তানজীব আহসান।‘চট্টগ্রামে আসার মূল উদ্দেশ্য এখানকার ম্যাচগুলোর আগে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। আর মাঠ প্রস্তুতির জন্য ঢাকায় আমরা কাল (আজ) থেকে মাঝ উইকেটে অনুশীলন করতে পারব না। এখানে বড় মাঠে প্র্যাকটিস করা যাবে’—বললেন ম্যানেজার।আজ বিকেল তিনটায় চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যু জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। অনুশীলন চলবে ফ্লাডলাইটেও। তিন দিনের অনুশীলন শেষে ৪ ফেব্রুয়ারি দল ঢাকায় ফিরবে।বাংলাদেশ দলকে পেলে চাঁটগাবাসীর উৎসাহ থাকে ভীষণ। এবার তা যেন একটু বেশিই। বিশ্বকাপ দলের খেলোয়াড়দের দেখার জন্য কাল যেমন বিমানবন্দর ও পেনিনসুলা হোটেলের আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়।এদিকে বিশ্বকাপের সঙ্গে ক্রীড়ামোদীদের সম্পৃক্ত করতে গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন কর্ণফুলী নদীতে নৌ র্যালির আয়োজন করেছে। সকালে সদরঘাট থেকে শুরু হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত গিয়ে ফিরে আসে র্যালিটি।র্যালিতে সিটি মেয়র এম মন্জুর আলম ছাড়াও রাজনীতিক, ক্রীড়া ব্যক্তিত্ব, স্কুলশিক্ষার্থীরা অংশ নেন। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। আর র্যালির স্লোগান ছিল ‘বিশ্বকাপ আইস্যে, চট্টগ্রামবাসী জাইগ্যে’ (বিশ্বকাপ এসেছে, চট্টগ্রামবাসী জেগেছে)। আসলেই তাই—সত্যিই জেগে উঠছে চট্টগ্রাম।