বিশ্বকাপে টাইম আউট চায় ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্কেটবলে আছে নিয়মটা। কিন্তু ফুটবলে টাইম আউট? কিছুটা অদ্ভুত শোনালেও আগামী বিশ্বকাপে টাইম আউটের নিয়ম রাখার প্রস্তাব করেছে ইতালি। দুই অর্ধের মাঝের বিরতিটুকু ছাড়াও অতিরিক্ত দুটি টাইম আউট রাখার প্রস্তাব ওদের। আজই ব্রাজিলের কস্তা দো সাওয়িপেতে এক বৈঠকে ফিফার কাছে এ প্রস্তাব তুলে ধরবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
এমন অদ্ভুত দাবির পেছনে কারণটাও স্পষ্ট করেছেন ইতালির কোচ সিজারে প্রানদেল্লি, ‘গত জুনে ব্রাজিলে কনফেডারেশনস কাপ খেলতে গিয়ে আমরা বুঝেছি, ব্রাজিলে খেলার দুটি বড় সমস্যা আছে। তাপমাত্রা এবং আর্দ্রতা, কিছু কিছু শহরে এটা খুবই উদ্বেগজনক। যদি আপনি খেলোয়াড়দের কাছ থেকে ভালো খেলা দেখতে চান তাহলে তাদের সে রকম পরিবেশ তো দিতে হবে।’ বিরতির আগে ও পরে তাই অতিরিক্ত দুই মিনিট করে টাইম আউট চান ইতালির কোচ, ‘আমি ওদের কাছে দুটি টাইম আউটের অনুরোধ করব যাতে খেলোয়াড়েরা অন্তত দম নিতে পারে।’
কনফেডারেশনস কাপের সময় নাকি মাঠে থাকা প্রানদেল্লির ১১ খেলোয়াড়ের আটজনই বদলি হয়ে উঠে যেতে চাইতেন! প্রানদেল্লির বিশ্বাস, অন্য দলের কোচরাও এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন ব্রাজিলে। তাই কনফেডারেশনস কাপে খেলা দলগুলো এবং ব্রাজিলের কঠিন কন্ডিশন সম্পর্কে ধারণা আছে এমন সব দল ইতালির এই প্রস্তাবে সমর্থন দেবে বলেও আশাবাদী প্রানদেল্লি। এএফপি।