বিশ্বকাপে ঠিকই সেই মুলার!

নামে মিল তো আছেই। গত বিশ্বকাপ থেকে কিংবদন্তি মুলারের ১৩ নম্বর জার্সিটিও পেয়েছেন এই সময়ের মুলার। তবে জার্ড মুলার নন, টমাস মুলারকে এখন মনে হচ্ছে মিরোস্লাভ ক্লোসার যোগ্য উত্তরসূরি।
পরশু মাঠে নামার সৌভাগ্য হয়নি ক্লোসার। তবে সাঁঝবেলার ক্লোসা ডাগআউটে বসে দেখলেন, আরেকজন ক্লোসা তৈরি হয়ে গেছেন। নিজের সেরাটা যিনি জমিয়ে রাখেন বিশ্বকাপের জন্য। আর বিশ্বকাপ এলেই গোটা ফুটবল-বিশ্বের মনে পড়বে যাঁর কথা!
মাঝের চার বছরে খুব বেশি আলোচনায় থাকেন না। ক্লাবের জার্সিতেও উজ্জ্বল নন। কিন্তু বিশ্বকাপ এলেই উদ্ভাসিত—সংক্ষেপে এই হলো ক্লোসার ক্যারিয়ার। মুলারও যেন একই পথ ধরেছেন। গত বিশ্বকাপে গিয়েছিলেন সম্ভাবনাময় এক উদীয়মান ফুটবলার হিসেবে। বিশ্বকাপের আগে চোটে ছিটকে পড়া জার্মান অধিনায়ক মাইকেল বালাকের ১৩ নম্বর জার্সি যখন মুলারকে দেওয়া হলো, চোখ ছানাবড়া সবার! সেই মুলার বিশ্বকাপে গিয়ে বালাককে ভুলিয়ে দিলেন, মনে করিয়ে দিলেন পূর্বসূরি মুলারকে। প্রথম আন্তর্জাতিক গোল পেলেন বিশ্বকাপে গিয়ে, বিশ্বকাপ শেষে গোলসংখ্যা ৫। সঙ্গে আরও তিনটি গোলে সহায়তা। জিতলেন গোল্ডেন বুট, ব্রোঞ্জ বল। বয়স যে মাত্রই ২০, সেটা মনে করিয়ে দিল টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতিটাও।
বিশ্বকাপের পর গত চার বছরে মুলারের অমন চেহারা দেখা গেছে সামান্যই। বড় মঞ্চে আলো ছড়ানোর অভ্যাসটি মনে করিয়ে দিয়েছিলেন ২০১২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে। ব্যস, স্রেফ ওটুকুই। ক্লাবের জার্সিতে ক্লোসা যেমন কখনোই বিশ্বকাপের ক্লোসা ছিলেন না, বায়ার্ন মিউনিখের হয়েও তেমনি মুলারের গোলক্ষুধা কখনোই অত তীব্র নয়। ট্যাকটিকসের কারণে সেরা একাদশেও জায়গা হারান মাঝেমধ্যেই। একই অবস্থা মাঝের সময়ে জাতীয় দলেও। ২০১২ ইউরো বাছাইয়ে ছিল মাত্র ২ গোল, মূল আসরে একটিও নয়। দলের সবাই ফিট থাকলে এবার বিশ্বকাপেও প্রথম একাদশে জায়গাটা নিশ্চিত ছিল না। প্রথম সুযোগেই মনে করিয়ে দিলেন, মাঝের চার বছরে ফুটবল-বিশ্বে যত কিছুই হোক, বিশ্বকাপে তিনিই তারকা। এই মঞ্চের নায়ক তিনিই! এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, তাঁর ক্যারিয়ারেরও প্রথম। সেটাও আবার ৫০তম ম্যাচে। বিশ্বকাপে ৭ ম্যাচে মুলারের গোল ৮টি, বাকি ৪৩ ম্যাচে মাত্র ১২টি!
আবার পাদপ্রদীপের আলোয় ফিরে উচ্ছ্বসিত মুলারও, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন শক্ত প্রতিপক্ষের বিপক্ষে তিন গোল করা দারুণ ব্যাপার। প্রতিটি গোল ছিল আগেরটির চেয়ে ভালো।’
যথারীতি পুরো ফুটবল-বিশ্বও আবার মেতেছে মুলার-বন্দনায়। তাতে শামিল মুলারের কোচ-সতীর্থরাও। ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করা মারিও গোটশে খুব কাছ থেকেই দেখেছেন, কীভাবে সুযোগ কাজে লাগাতে হয়। বলাই বাহুল্য, মুগ্ধতার শেষ নেই তাঁর, ‘মুলার ছিল অসাধারণ। প্রথম ম্যাচেই তিন গোল! আজ আবার দেখাল সে দুর্দান্ত এক ফুটবলার। গোলের সামনে সে নিখুঁত, বিন্দুমাত্র জায়গা না পেলেও গোল করতে পারে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ওর এই সামর্থ্য দলের জন্য আশীর্বাদ।’
শিষ্যের সাফল্যের রহস্য এমনিতে খোলাসা করতে চান না কোনো কোচ। তবে মুলারের ওপর অগাধ আস্থা বলেই হয়তো গর্বভরে বলছেন লো, ‘ও খুবই প্রথাবিরোধী ফুটবলার। এমনকি কোচও কখনো কখনো বুঝে উঠতে পারেন না ও কী করছে বা করতে যাচ্ছে। মাঝেমধ্যে অনুমান করা কঠিন কোন দিকে কীভাবে দৌড়াচ্ছে। তবে যা-ই করুক, লক্ষ্য একটিই—কীভাবে গোল করা যায়! এ জন্যই সে এতটা বিপজ্জনক, বিশেষ করে বক্সে। আজও (পরশু) সে ছিঁড়েখুঁড়ে খেয়েছে পর্তুগিজ ডিফেন্স।’
প্রথম ম্যাচে যা ইঙ্গিত, আরও অনেক দলের ডিফেন্সই হয়তো হবে মুলারের ‘খাবার!’ এএফপি, ওয়েবসাইট।