বিশ্বকাপে থাকছেন বেকহাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড বেকহামের বিশ্বকাপ-স্বপ্ন শেষ—এ নিয়ে কোনো তর্ক নেই। ফুটবল-বিশ্বে এখন বরং বিতর্ক চলছে—ইনজুরির শিকার বেকহামের ক্যারিয়ারই কি শেষ? এই প্রশ্নের উত্তর সময়ই বলবে, তবে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো অনেকটা ঘোষণার সুরেই বলেছেন—বিশ্বকাপে যাওয়া হবে বেকহামের।কোন ভরসায় বেকহামকে বিশ্বকাপে নিয়ে যাবেন ক্যাপেলো? ফিটনেস ব্যাপারটিকে যিনি ‘ধর্মীয় কানুন’ মানার পর্যায়ে নিয়ে গেছেন, সেই ক্যাপেলো কি তাহলে শুধুই সহানুভূতির বশবর্তী হয়ে বিশ্বকাপে নিতে চান বেকহামকে! ব্যাপারটা আসলে সে রকম নয়। ইংল্যান্ডের স্বার্থেই বেকহামকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যেতে চান ক্যাপেলো। খেলার জন্য নয়, তরুণ ইংল্যান্ড দলের মনোবল বাড়ানোর জন্য।সেটা নয় ক্যাপেলো নিলেন, বেকহামও দক্ষিণ আফ্রিকা গেলেন। কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে! স্বপ্ন দেখেছিলেন, চতুর্থ বিশ্বকাপ খেলবেন এবার। সুযোগ পেলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও নিজের করে নেবেন। কোনো ইচ্ছেই পূর্ণ হলো না!খেলতে না পারলেও বেকহামকে বিশ্বকাপে দেখতে চায় ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেল, ‘মেন্টর, শুভেচ্ছাদূত, অভিজ্ঞ মাথা—যে হিসেবেই নিন, বেকহামকে বিমানে তুলুন, বিশ্বকাপে নিয়ে নিন।’তবে ভিন্নমতও আছে। দ্য গার্ডিয়ান লিখেছে, ‘বেকহাম নিজেকে ঘিরে যে সুনামের বলয় সৃষ্টি করেছে, সেটাও তাঁর ক্যারিয়ার বাঁচাতে পারবে বলে মনে হয় না।’ বেকহামের যে বিশ্বকাপে খেলা হবে না, এর বিপরীতে পৃথিবীর সবচেয়ে বড় আশাবাদী লোকটিও এখন বাজি ধরবেন বলে মনে না। বেকহামের গোড়ালি যে ডাক্তার অস্ত্রোপচার করেছেন, সেই সাকারি ওরাভাই বলে দিয়েছেন, ‘বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই তার। এই চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অনেক সময় লাগবে। ফুটবলে টোকা দিতেই মাস তিনেক লাগবে, পুরো শক্তিতে লাথি দিতে এবং লাফ-ঝাঁপ করতে লাগবে আরও মাসখানেক। এরপর হয়তো হালকা খেলার মতো অবস্থায় আসতে পারে।’বেকহামের অশান্ত মনকে সান্ত্বনা দিতে ফিনল্যান্ডের টারকুতে যাচ্ছেন স্ত্রী ভিক্টোরিয়া, সঙ্গে তিন ছেলেও। ফিনল্যান্ডের এই শহরেই গত সোমবার গোড়ালির অস্ত্রোপচার হয়েছে বেকহামের। হেইলে জেব্রেসেলাসি, পেপ গার্দিওলা ও মারলিন ওটিসহ বেশ কয়েকজন নামীদামি ক্রীড়া ব্যক্তিত্বের অস্ত্রোপচারকারী শল্যবিদ ওরাভা বলেছেন, বেকহামের অস্ত্রোপচার সফল হয়েছে। তবে আরও এক দিন টারকুতেই থেকে যাবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।‘আমি তার সঙ্গে দেখা করেছি। সে আরেকটা দিন এখানে থেকে যেতে চায়। যাতে আগামীকাল (আজ) আবার তাকে আমরা দেখতে পারি। তবে এখন তার মন ভালো আছে। কোনো ব্যথা নেই এবং সে হাসছিল’—বলেছেন ওরাভা।বেকহামের পাশে থাকতে, প্রিয় তারকার দুঃসময়ে তাঁকে সমর্থন জোগাতে টারকুতে ছুটে গিয়েছে ভক্তরা। সংবাদমাধ্যম তো আছেই। বলতে গেলে পুরো ফুটবল-বিশ্বই এখন তাকিয়ে টারকুর দিকে।আর বেকহাম হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে আগামী দিনের কথা ভাবছেন। সেখানে বিশ্বকাপ নেই, আছে ক্যারিয়ার বাঁচিয়ে রাখার স্বপ্ন। বিশ্বকাপের বেশ কিছুদিন পর ২০১২ ইউরোর বাছাইপর্ব। কোচ ফ্যাবিও ক্যাপেলো যেহেতু বলে দিয়েছেন, বেকহামের ক্যারিয়ার এখানেই শেষ নয়। পুরো সেরে উঠলে ইউরোর বাছাইপর্বের পরিকল্পনায় থাকবেন। কোচের এই কথায় আশ্বস্ত হতেই পারেন বেকহাম। এএফপি, ওয়েবসাইট।