বিশ্বকাপে থাকছেন রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত আইভরিকোস্টের দেখানো পথেই হাঁটল হল্যান্ড। এখনই বিশ্বকাপ দল থেকে বাদ দিচ্ছে না তারা আহত মিডফিল্ডার আরিয়েন রোবেনকে। ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত রোবেনকে দলে পাওয়ার আশা করবে তারা।ডাচ তারকা নিজে বলছেন, দল থেকে বাদ পড়ার আগ পর্যন্ত সুস্থ হওয়ার লড়াই তিনি চালিয়ে যাবেন। কোচ বার্ট ফন মারউইকও চান এই লড়াইটা চালাতে। বলেছেন, রোবেনের বিকল্প খেলোয়াড় দলে নেবেন না তিনি। নিয়ম অনুযায়ী, ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত রোবেনের বদলি নেওয়ার সুযোগ পাবেন কোচ।গত শনিবার হাঙ্গেরির বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচের ৮৭ মিনিটে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছিলেন নেদারল্যান্ডের অন্যতম বড় তারকা রোবেন। বেশ কিছুদিন ধরে নানা ধরনের ইনজুরির সঙ্গে লড়তে থাকা এই বায়ার্ন মিডফিল্ডার হল্যান্ডের প্রথম দুটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি। এদিনও বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে নেমে দুটি গোলও করেছিলেন। তার পরই এই আঘাত। পরপরই দলের সবাই, এমনকি রোবেন পর্যন্ত মনে করেছিলেন, তাঁর বিশ্বকাপ শেষ। সেই সময়ের বর্ণনা দিয়েছেন রোবেন, ‘ইনজুরির পরপরই লকার রুমে গিয়ে প্রথম পরীক্ষা করে ব্যাপারটাকে খুবই গুরুতর মনে হয়েছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল, ইনজুরিটা ভালো না। অনেক ব্যথা হচ্ছিল।’পরে স্ক্যান করে দেখা গেছে, দুটি ইউরো ও একটি বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডারের পায়ের পেশি ছিঁড়ে গেছে। রোবেন বলছেন, সাধারণত এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগে। কিন্তু তিনি এখন বিশেষ ধরনের পুনর্বাসন-প্রক্রিয়ার সাহায্য নেবেন। যাতে সপ্তাহখানেকে সেরে ওঠা সম্ভব হয়, ‘তাড়াহুড়ো না করে নিজে নিজে সেরে ওঠার সুযোগ দিলে, ছয় সপ্তাহ সময় লাগত। কিন্তু আমাদের অত সময় নেই। আমি এখন ফিজিওথেরাপিস্টের সঙ্গে কঠোর পরিশ্রম করব। সবকিছু ঠিকমতো কাজ করলে সপ্তাহখানেকের মধ্যে সেরে উঠতে পারি।’এই ভরসাটাই করছেন কোচ। সপ্তাহখানেক মানে, ১৪ তারিখের মধ্যেই রোবেনের সেরে ওঠার কথা। সে ক্ষেত্রে প্রথম ম্যাচে না হলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অন্তত মাঠে নামার সুযোগ আছে তাঁর। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে হল্যান্ড দলের কোচ মারউইক এসব ভেবেই হয়তো রোবেনের বদলি নিতে রাজি নন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি রোবেনের বদলি খেলোয়াড় ডাকব না। আমি ওকে দলে যোগ দেওয়ার জন্য যত দিন সম্ভব সময় দিতে চাই। কয়েক দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব যে ও কবে দক্ষিণ আফ্রিকায় আসবে।’ রোবেন কবে যাবেন এই নিয়ে যেমন চিন্তা, তেমনই ইংলিশ সংবাদমাধ্যমের চিন্তা—ফার্ডিনান্ড কবে ফিরবেন! দক্ষিণ আফ্রিকায় দলের অনুশীলনে ইনজুরিতে পড়া সদ্য সাবেক অধিনায়ক রিও ফার্ডিনান্ড এখনো পর্যন্ত ইংল্যান্ড দলের সঙ্গেই আছেন। ডেভিড বেকহামের মতো তিনিও দলকে উজ্জীবিত করার জন্য কাজ করে যেতে চান। এটা নিশ্চিত যে বিশ্বকাপে ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচে ফার্ডিনান্ডকে কাছেই পাবেন খেলোয়াড়েরা। এএফপি, ওয়েবসাইট।