বিশ্বকাপে থাকবেন না রোনালদিনহো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে কি আর দেখা যাবে এই রোনালদিনহোকে?
বিশ্বকাপে কি আর দেখা যাবে এই রোনালদিনহোকে?

বয়স হয়ে গেছে ৩৩ বছর। আগের চেয়ে গতিও খানিকটা কমেই গেছে। কিন্তু এখনো যে ফুরিয়ে যাননি, সেটা ভালোমতোই দেখিয়ে দিচ্ছেন রোনালদিনহো। ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নটা সার্থক করতে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফুটবল বিশ্বের নজর ঠিকই কেড়ে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমারকে পেছনে ফেলে জিতেছেন ২০১৩ সালের দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলারের পুরস্কার।
কিন্তু তার পরও বিশ্বকাপ যাত্রাটা অনিশ্চিতই থেকে গেছে রোনালদিনহোর। এত কিছুর পরেও কোচ লুইস ফিলিপে স্কলারির আস্থা অর্জন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের মিশনে কি সত্যিই দেখা যাবে না ব্রাজিলের অভিজ্ঞ এই ফুটবলারকে?
২০০২ সালে বিশ্বকাপ অভিষেক হয়েছিল রোনালদিনহোর। প্রথমবারেই শিরোপা জয়ের স্বাদও পেয়েছিলেন। রোনালদো আর রিভালদোর পাশাপাশি তিনিও ছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক। ২০০৬ বিশ্বকাপে খেললেও সেবার কিছুটা নিষ্প্রভ হয়েই ছিলেন রোনালদিনহো। ব্রাজিলও বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।
২০১০ সালের বিশ্বকাপে হয়তো সেই আক্ষেপ ঘুচিয়ে দেওয়ারই পরিকল্পনা ছিল রোনালদিনহোর। কিন্তু সেবার তিনি বাদ পড়েছিলেন খুব হতাশাজনকভাবে। শুরুতে ৩০ সদস্যের প্রাথমিক দলে নাম থাকলেও শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়েই ২৩ সদস্যের চূড়ান্ত দলটা ঘোষণা করেছিলেন ব্রাজিলের তত্কালীন কোচ দুঙ্গা। ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর ২০১১ সালে আবারও ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন রোনালদিনহো। মেনো মেনেজেসের তত্ত্বাবধানে বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্সও দেখিয়েছিলেন। ব্রাজিলের বর্তমান কোচ স্কলারিও একেবারে ব্রাত্য করে রাখেননি রোনালদিনহোকে। গত বছরের এপ্রিলে চিলির বিপক্ষে একটা প্রীতি ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এই তারকা ফরোয়ার্ড। সেই ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনীটাও উঠেছিল তাঁর হাতে। কিন্তু এক মাস পরে ব্রাজিলের কনফেডারেশনস কাপ মিশনে আর দলে সুযোগ পাননি রোনালদিনহো। নেইমার-অস্কার-ফ্রেডদের নিয়ে গড়া তারুণ্যনির্ভর দল নিয়েই শিরোপা জিতেছিলেন স্কলারি।

কনফেডারেশনস কাপের মতো বিশ্বকাপেও কি এরকম তারুণ্যনির্ভর দল নিয়েই ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের মিশন শুরু করবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ? নাকি আস্থা রাখবেন রোনালদিনহোর অভিজ্ঞতা-পরিপক্বতার ওপরেও? উত্তরটা এখনই জানার কোনো উপায় নেই। তবে রোনালদিনহোর পারফরম্যান্স যে নতুন বছরে স্কলারিকে নতুন করেই ভাবাবে, সেই আশা তো করতেই পারেন রোনালদিনহো-ভক্তরা।