বিশ্বকাপে দরকার শক্ত মানসিকতা: রসি
ড্যানিয়েল ডি রসি গুরুত্বপূর্ণ এক আজ্জুরি সৈনিক। কোচ মার্সেলো লিপ্পি তাঁর বিশ্বকাপ রক্ষার অভিযানে ডি রসিকে নিয়ে সাজাচ্ছেন নানা রণপরিকল্পনা। এসএস রোমার এই মধ্যমাঠের খেলোয়াড় ইতালি দলে একজন ট্যাকটিশিয়ান নামেও পরিচিত। ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ডি রসি বিশ্বকাপে ইতালির সম্ভাবনা ও নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন ফিফা ডটকমের সঙ্গে। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য ডি রসির এ সাক্ষাত্কারটি ঈষত্ সংক্ষেপিত আকারে তুলে ধরা হলো—প্রশ্ন: বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির পারফরম্যান্সকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?ডি রসি: আমরা বাছাইপর্বে চমত্কার খেলেছি। একটি ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেয়েছি। তবে বাছাইপর্বে আমরা কয়েকটি শক্ত ম্যাচ খেলেছি। তুরিনে অনুষ্ঠিত বুলগেরিয়ার সঙ্গে ম্যাচটি অত্যন্ত কঠিন ছিল। মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচটিতে আমাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও আমাদের পরীক্ষা নিয়েছে আইরিশরা। এই ম্যাচগুলোতে এর পরেও আমরা সময়মতো গোল করেছি এবং গোলগুলোকে রক্ষা করেছি। এ দলগুলোর সঙ্গে পরের ম্যাচগুলোতে আমরা আগের ম্যাচের চেয়ে ভালো খেলেছি। সব মিলিয়ে বাছাইপর্বের সময় ইতালি প্রয়োজনমতো ফল পেয়েছে। প্রশ্ন: বাছাইপর্বে এ ফলাফলের পেছনে সত্যিকার অর্থে কোন কোন অনুষঙ্গ কাজ করেছে?ডি রসি: আমার মনে হয়, ইতালির দলটি অত্যন্ত অভিজ্ঞ। এটাই বাছাইপর্বে আমাদের শক্তি যুগিয়েছে। আসলে ইতালি অনেক দিন ধরে একই দল নিয়ে খেলছে। ২০০৬ সালের বিশ্বকাপ বিজয়ী দলটিকেই আমরা এখনো ধরে রেখেছি। একই দল গত ইউরো চ্যাম্পিয়নশিপেও খেলেছে। যদিও আমরা ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিনি, তার পরও আমরা ইউরোতে কিন্তু একেবারেই খারাপ খেলিনি। বাছাইপর্বের সময় কয়েকজন তরুণ খেলোয়াড় দলে এলেও আমরা দলের মধ্যে ২০০৬ বিশ্বকাপের মানসিকতাটাই ধরে রেখেছিলাম। এই মানসিকতাই বাছাইপর্বে আমাদের ভালো ফলাফল করতে সাহায্য করেছে।প্রশ্ন: বিশ্বকাপে ইতালি ‘এফ’ গ্রুপে খেলবে। আপনার দৃষ্টিতে গ্রুপটি কেমন?ডি রসি: প্রাথমিকভাবে গ্রুপটিকে তো সহজই মনে হয়। কিন্তু সত্যি বলতে কি, বিশ্বকাপের মেজাজটাই আলাদা। প্যারাগুয়ে ভালো দল। তারা লাতিন অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে কনফেডারেশন কাপের আগে একটি প্রীতি ম্যাচ খেলেছিলাম। সেই ম্যাচটিতে অনেক কষ্টে আমরা তাদের ৪-৩ গোলে হারিয়েছিলাম। স্লোভাকিয়াও শক্তিশালী দল। তাদের মারেক হানসিকের মতো ভালো ফুটবলার রয়েছে। সে ইতালির সিরি ‘আ’তে খেলে। বিশ্বকাপের সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন: গত বছর কনফেডারেশন কাপের সময় দক্ষিণ আফ্রিকায় খেলে এসেছেন। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বিশ্বকাপে কাজে আসবে...ডি রসি: দেখুন, দক্ষিণ আফ্রিকার উচ্চতা নিয়ে কেউ তেমন কোনো কথা বলছে না। গত বছর দক্ষিণ আফ্রিকায় কনফেডারেশন কাপে খেলতে গিয়ে আমরা উচ্চতার কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সমুদ্রপৃষ্ঠের সমতলে খেলা আর অনেক উঁচুতে খেলা কখনই এক নয়। কনফেডারেশন কাপে এ ব্যাপারে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপের আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে কাজ করেছি। আমরা এখন পুরোপুরি প্রস্তুত। ২০০৬ সালের বিশ্বকাপের সময় থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলো অনেক এগিয়েছে। ২০০৬ সালে যে মানের খেলা খেলে আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তার চেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। প্রশ্ন: ইতালির বিশ্বকাপ দলটি নিয়ে কিছু বলুন।ডি রসি: ইতালির বিশ্বকাপ দলের কয়েকজন খেলোয়াড়ের বয়স ৩০-এর ওপর। এটা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু সবার মনে রাখা উচিত, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে একটি দলকে মাত্র সাতটি ম্যাচ জিততে হয়। তা ছাড়া বিশ্বকাপে খেলতে হলে অনেক টেম্পারমেন্টের দরকার হয়। এ জন্য অভিজ্ঞ খেলোয়াড় দরকার। আসল কথা হলো, দলের মানসিক ও শারীরিক অবস্থা। এই দুটো ক্ষেত্রে ইতালির বিশ্বকাপ দলটি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে।প্রশ্ন: ইতালির এবারের দলটি কী বিশ্বকাপ জিততে পারবে?ডি রসি: ব্যাপারটা অত্যন্ত কঠিন, সন্দেহ নেই। বিশ্বকাপ জিততে হলে শারীরিক ও মানসিকভাবে আপনাকে শক্ত হতে হবে। সেই সঙ্গে কিছুটা ভাগ্যেরও সহায়তা দরকার। আমরা যে অবস্থায় রয়েছি তার চেয়ে উন্নতি করতে পারব না। তবে বিশ্বকাপে ভালো কিছু করতে আমরা আত্মবিশ্বাসী।প্রশ্ন: শেষ প্রশ্ন। অনেকে বলছে, বিশ্বকাপের পর আপনি রোমা ছাড়ছেন। কেবল তা-ই নয়, আপনি নাকি ইতালির বাইরের একটি ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন...ডি রসি: ইতালির বাইরে আমি কখনোই খেলিনি। মাঝেমধ্যে মনে হয়, বাইরে কোথাও খেলতে গেলে কেমন লাগত। তবে রোমা আমার জীবনের একটি অংশ। আমার মনে হয় না, রোমা ছেড়ে অন্য কোথাও খেললে আমি ভালো বোধ করব। বিশ্বকাপের পর কোথায় খেলব—তা এখনো ঠিক করিনি। তবে এ মুহূর্তে রোম ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবছি না।