বিশ্বকাপে নেই ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে রাদামেল ফ্যালকাওকে৷ চোখ দুটি তাঁর এমন টলমল করার কারণ তো বোঝাই যায়৷ পরশু বুয়েনস এইরেসে কলম্বিয়ার চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার সংবাদ সম্মেলনে  l এএফপি
চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে রাদামেল ফ্যালকাওকে৷ চোখ দুটি তাঁর এমন টলমল করার কারণ তো বোঝাই যায়৷ পরশু বুয়েনস এইরেসে কলম্বিয়ার চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার সংবাদ সম্মেলনে l এএফপি

পুরো কলম্বিয়াই একটা সুসংবাদের জন্য বসে গিয়েছিল প্রার্থনায়। সেই প্রার্থনায় কাজ হলো না। কোচ হোসে পেকারম্যানের অপেক্ষার প্রহর গোনা, স্বপ্নপূরণের আশায় রাদামেল ফ্যালকাওয়ের চোখের জল ফেলাও অকারণ। বরং সেই সিদ্ধান্তই নিতে হলো, যাতে কলম্বিয়ানদের বুক ভেঙে খানখান। চোটের জন্য রাদামেল ফ্যালকাও বাদই পড়লেন কলম্বিয়ার বিশ্বকাপ দল থেকে৷
কোচ হোসে পেকারম্যান বলেছিলেন, ফ্যালকাওয়ের জন্য তিনি শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। কথা রেখেছেন তিনি। ফিফার দল ঘোষণার বেঁধে দেওয়া সময়ের শেষ দিনেই কলম্বিয়ার ২৩ সদস্যের দল দিয়েছেন। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে দলের অনুশীলন ক্যাম্পে পরশু পেকারম্যান ভেজা গলায় ঘোষণা করলেন, ‘এটা খুবই দুঃখের এক রাত। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাদামেল ফ্যালকাও, লুইস মুরিেয়ল ও লুইস আমারান্তো পেরিয়া বিশ্বকাপে খেলছে না। কারণ তারা চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি।’
ফ্যালকাওয়ের বাদ পড়ার সংবাদই কলম্বিয়াকে শোকের নগর বানানোর জন্য যথেষ্ট ছিল। মুরিয়েল–পেরিয়ার বাদ পড়াটা তাতে বাড়তি প্রলেপ দিয়েছে। গত জানুয়ারিতে ফ্রেঞ্চ কাপে আধা পেশাদার এক দলের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান মোনাকোর স্ট্রাইকার। তখনই বলা হচ্ছিল ফ্যালকাওয়ের বিশ্বকাপ শেষ! তবে সফল অস্ত্রোপচার এবং চোটের সঙ্গে লড়াইয়ে ফ্যালকাওয়ের মনের জোর দেখে চিকিৎসকেরাই পরে আশার গান শোনান। ফ্যালকাও নিজেও আশাবাদী ছিলেন ব্রাজিলে যেতে পারবেন। সেই আশা নিয়েই গত মাসে ফেরেন অনুশীলনে। মেঘের আড়ালে ফোটে আলোর রেখা। কিন্তু সেসব ছিল মায়াবী বিভ্রম!
কঠিন সিদ্ধান্তটি নেওয়ার আগে কোচ পেকারম্যান, ফ্যালকাও, দলের চিকিৎসকেরা দফায় দফায় বৈঠক করেছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে ফ্যালকাও নিজেও স্বপ্ন বিসর্জনের পক্ষেই মত দিয়েছেন। পরে কান্নাভেজা কণ্ঠে ২৮ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘আমার জন্য এটি খুবই কঠিন সময়। আমি খুবই আশাবাদী ছিলাম। যা হোক, আমি আমার সমস্ত শক্তি দিয়ে দলকে সমর্থন করব। দুর্দান্ত একটা বিশ্বকাপের জন্য আমার সতীর্থদের শুভকামনা।’
ফ্যালকাও হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো সিদ্ধান্তটা নিতে কোচ-চিকিৎসকদের সাহায্য করেছেন অন্য একটা কথা ভেবেও, ‘আজ আমি ভালো বোধ করছি। কিন্তু আবার খেলায় ফিরতে আরও সময় লাগবে। তা ছাড়া আমি আমার সেই সতীর্থের জায়গাটা অস্বীকার করতে চাই না যে ১০০ ভাগ ফিট। কিংবা হঠকারী সিদ্ধান্তে আমার স্বাস্থ্যের ক্ষতি করতে পারি না।’
আশাবাদী পেকারম্যান ফ্যালকাওকে নিয়ে ঝুঁকি নিতে চেয়েছিলেন। দল দেওয়ার আগে এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে তাঁর একটা বাক্যযুদ্ধ হয় পেকারম্যানের, ‘কী হবে না ভেবে আমি তাকে খেলাতে চেয়েছিলাম। মানুষ কখনো পাহাড়ে উঠে দাঁড়ায়, আবার একটা সময় তার শক্তিই থাকে না।’ ফ্যালকাওয়ের কঠিন সংগ্রামকে অভিবাদনই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ, ‘আমরা কলম্বিয়ান জনগণকে বলতে পারি যে খেলার দক্ষতার চেয়েও সে অনেক বেশি করেছে। আমাদের এই অপেক্ষাটা তার প্রাপ্য ছিল এবং আশাটা বেঁচে ছিল।’ ফ্যালকাওকে না পেয়ে কোচ পেকারম্যান আশার তরী ভাসাচ্ছেন বাকিদের নিয়ে, ‘দলের ওপর আমাদের আস্থা আছে। আকাঙ্ক্ষাটা উঁচুতেই। বড় দলগুলোর মুখোমুখি হতে ৈতরি দলটি।’ ফ্যালকাওয়ের মোনাকো সতীর্থ জেমস রদ্রিগেজ, হুয়ান ফার্নান্দোদের নিয়ে আশাবাদী তো তিনি হতেই পারেন।
বাছাইপর্বে ৯ গোল করে দেশকে ১৬ বছর পর তুলেছিলেন বিশ্বকাপে। অথচ নিয়তি ফ্যালকাওকে বিশ্বকাপেই যেতে দিল না! রিকার্ডো মন্তোলিভো, ফন ডার ভার্টদের পর সর্বশেষ ফ্যালকাও—স্বপ্নভঙ্গের কাহিনি দীর্ঘই হচ্ছে৷ এএফপি ও ওয়েবসাইট৷