বিশ্বকাপে বসনিয়ার 'হীরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিন জেকো
এডিন জেকো

বাইরে বোমারু বিমানের মুহুর্মুহু গর্জন। একটু পরপরই ধ্বংসের আয়োজন। ছেলেটা বসনিয়ার সারায়েভোর একটেরে ঘরটিতে দিনমান বন্দী। ঘরভর্তি সব স্বজনের সঙ্গে গাদাগাদি করে ছোট্ট এক কামরায় বাস। বাইরে যাওয়ার উপায় নেই, চারদিকে যে যুদ্ধের বিভীষিকা। এভাবেই কেটে গেল তিনটি বছর...৷
দুই যুগ পরের কথা।
সেই ছেলেটা এখন ইংল্যান্ডে। সে এখন মাঠকাঁপানো স্ট্রাইকার। কদিন আগেই জার্মানি থেকে এসেছে। নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি, খেলার ধরনও ভিন্ন। তরুণ স্ট্রাইকারের খাপ খাইয়ে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। তাঁর নিজের ভাষায়, ‘ম্যানচেস্টারে প্রথম কয়েক মাস খুবই কঠিন ছিল। জানতাম না আদৌ মানিয়ে নিতে পারব কি না।’
শেষ পর্যন্ত সে পেরেছে। পারবে না কেন? মৃত্যুকে এত কাছ থেকে যে দেখেছে, সে কি মাঠের খেলায় হেরে যেতে পারে? এডিন জেকো হেরে যাননি। ম্যানচেস্টার সিটির তো বটেই, বিশ্বেরই আজ অন্যতম সমীহ জাগানো স্ট্রাইকার। ইউরোপের মঞ্চে নিজেকে চিনিয়েছেন অনেক আগেই, এবার বসনিয়ার হয়ে বিশ্বকাপে নিজেকে চেনানোর পালা।
ক্যারিয়ার শুরু করেছিলেন সারায়েভোরই ক্লাব জেলজেজনিকারের হয়ে। এরপর চেক ক্লাব তেপলিসে খেলার সময়েই চোখে পড়েন ভলফসবুর্গের। বড় মঞ্চে এসে যেন আরও ছড়িয়ে দিয়েছেন নিজের দ্যুতি। দ্বিতীয় মৌসুমেই ক্লাবকে জিতিয়েছেন বুন্দেসলিগা, ২৯ ম্যাচে করেন ২৬ গোল । ২০১১ সালে তিন কোটি ২০ লাখ পাউন্ড দিয়ে জেকোকে কেনে ম্যানচেস্টার সিটি। ৬ ফুট ৪ ইঞ্চি দীর্ঘ স্ট্রাইকার ইংল্যান্ডেও এখন আলো ছড়ানো এক নাম।
আদর করে দেশের মানুষ তাঁকে ডাকে ‘বসনিয়ার হীরা’। সেটি তারা ডাকতেই পারে, ফুটবলে দেশটির সবচেয়ে বড় প্রতিনিধি তো জেকোই। টানা তিনবার হয়েছেন বসনিয়ার বর্ষসেরা ফুটবলার। জেকোর দুর্দান্ত ফর্মেই তো বসনিয়া প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। বাছাইপর্বে করেছেন দশ গোল, তাঁর চেয়ে বেশি গোল ছিল কেবল ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির।
দেশের হয়ে নিজেকে কিন্তু চিনিয়েছেন আরও আগেই। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকেই করেছিলেন দারুণ এক গোল। ২০১০ বিশ্বকাপে দেশকে নিয়ে যেতে না পারলেও বাছাইপর্বে জেকো ছিলেন ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
এবার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হওয়ায় জেকো তাই ভাসছেন উচ্ছ্বাসে, ‘ব্রাজিলে প্রথমবারের মতো যাওয়াটা হবে খেলোয়াড়দের জন্য, মানুষের জন্য ও পুরো দেশের জন্যই দারুণ কিছু৷’ আর্জেন্টিনা, নাইজেরিয়া, ইরানের গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখছেন বসনিয়ার হীরা! এএফপি।