স্কটল্যান্ডের এডিনবরা শহরটি চিরকালের জন্য ঢুকে গেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। কারণ, এই শহরের মাটিতেই বাংলাদেশের ক্রিকেট স্বাদ পেয়েছিল বিশ্বকাপের প্রথম জয়টির। এডিনবরার শীতার্ত বিকেলটি ১৯৯৯ সালের ২৪ মে হয়ে উঠেছিল একদমই বাংলাদেশময়। স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানের জয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানুষের মনে হয়ত তেমন আবেদন তৈরী করতে পারেনা, কিন্তু এগারো বছর আগের সেই প্রেক্ষাপটে সেই জয়টিই ছিল এদেশের মানুষের কাছে বহু প্রার্থিত, বহু আকাঙ্ক্ষিত। সেই জয়ের ওপর দাঁড়িয়েই রচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অনন্তকালের সকল সাফল্যগাঁথা।স্কটল্যান্ডের বিপক্ষে সেই দ্বৈরথটি ছিল ১৯৯৯ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। স্কটল্যান্ডের এডিনবরা শহরের গ্রেইঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউণ্ড ব্রিটিশ কন্ডিশনের মতোই বাংলাদেশের জন্য দারুণ রহস্যময়। ১৯৯৮ সালে একবার যুক্তরাজ্য সফরে যেয়ে এই শহরেই প্রচণ্ড শীতের মধ্যে খেলতে হয়েছিল বিশ্বকাপ প্রস্তুতিতে থাকা বাংলাদেশ ক্রিকেট দলকে। তাই এডিনবরা নিয়ে বাংলাদেশের মধ্যে একটা ভীতি প্রথম থেকেই কাজ করছিল।মাঠে যেয়ে সেদিন বাংলাদেশের খেলোয়াড়েরা দেখলেন, ৯৭’র আইসিসি ট্রফিতে সেমিফাইনালের হার তখনো ভুলে যায়নি স্কটিশ ক্রিকেট কর্তৃপক্ষ। তাই বাংলাদেশের দুর্বলতা বিবেচনা করে তাঁরা তৈরী রেখেছে একেবারে সবুজে আচ্ছাদিত একটি উইকেট। সে সময়ের প্রেক্ষাপটে, সবুজ উইকেটে খেলার অভিজ্ঞতা না থাকায় বাংলাদেশের জন্য তা ছিল একেবারেই চোখ বন্ধ করেই পথ চলার মতো এক অভিজ্ঞতা।অধিনায়ক আমিনুল ইসলাম মনে মনে প্রার্থণা করছিলেন, যেকোনো মূল্যে টসভাগ্য যেন বাংলাদেশের সহায় হয়। কারণ, তীব্র শীত, হিমেল বাতাস আর সবুজ উইকেটে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি কি দুর্যোগের মধ্যে পড়তে পারেন, সেগুলো ভেবেই আতঙ্কে নীল হয়ে যাচ্ছিলেন তিনি।কিন্তু স্কটিশ অধিনায়কের সঙ্গে এই জায়গায় পেড়ে উঠলেন না আমিনুল। স্কটল্যান্ডের অধিনায়ক স্যালমন্ড টসে জিতলেন এবং আমিনুলকে স্মিতহস্যে আহবান জানালেন ব্যাট করার জন্য। অগত্যা, অনুরোধের ঢেঁকি গেলার মতোই ব্যাট নিয়ে মাঠে নামলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মেহরাব হোসেন ও খালেদ মাসুদ।বাংলাদেশ সেদিন একজন নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যানকে ছাড়াই মাঠে নেমেছিল। একাদশটি ছিল এমন- মেহরাব, খালেদ মাসুদ, ফারুক, আমিনুল, আকরাম, মিনহাজুল, নাঈমুর, এনামুল, খালেদ মাহমুদ, হাসিবুল ও মঞ্জুরুল। কোচ গর্ডন গ্রীনিজ সবুজ উইকেটের কথা বিবেচনা করেই মেহরাবের সঙ্গে উদ্বোধনী জুঁটিতে ব্যাট করতে পাঠিয়েছিলেন খালেদ মাসুদকে। উদ্দেশ্য ছিল, উইকেট যখন পরে কিছুটা ব্যাটিং উপযোগী হয়ে উঠবে, সেসময়ের জন্য একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে মজুদ রাখা।সেই ম্যাচে স্কটল্যান্ডের বোলাররা বল উইকেটে ফেলার সঙ্গে সঙ্গেই দারুণ চাপের মধ্যে পড়ে গেলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথম থেকেই দারুন অস্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করলেন তাঁরা। ফল হিসেবে ৬ রানে প্রথম, ১২ রানে দ্বিতীয়, ১৩ রানে তৃতীয়, ২৪ রানে চতুর্থ ও ২৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ল, বাংলাদেশের ব্যাটিং। যে স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল একমাত্র আরাধ্য, সেই স্কটল্যান্ডের বিপক্ষেই ২৬ রানে ৫ উইকেট হারিয়ে শোচনীয় লজ্জার মুখে পড়ে গেল বাংলাদেশের ক্রিকেট।এমন একটি পরিস্থিতিতে উইকেটে আসলেন বাংলাদেশের অভিজ্ঞতম ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন। সঙ্গে নাঈমুর রহমান। এরা দুজনে মিলে বাংলাদেশের স্কোর নিয়ে গেলেন ৯৫-তে। ৫৮ বলে ৩৬ রান করে নাঈমুর রহমান ফিরে গেলেন প্যাভেলিয়নে। মিনহাজুলের সঙ্গে এসে জুঁটি বাধলেন খালেদ মাহমুদ। কিন্তু মাহমুদ রানের খাতা না খুলেই ফিরে গেলে হতাশারা কালো মেঘ আবার এসে জড়ো হয় বাংলাদেশের আকাশে। খালেদ মাহমুদ ফিরে যাওয়ার পর আরেক অভিজ্ঞ এনামুল হক উইকেটে এসে মিনহাজুল আবেদীনকে সঙ্গ দিলেন কিছুক্ষণ। এসময় দলীয় রান বেড়ে দাঁড়ালো ১৩৩। এনামুল ব্যক্তিগত ১৯ রানে আউট হলে মিনহাজুল হাসিবুল হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রানকে নিয়ে গেলেন ১৮৫তে। মিনহাজুল ব্যাপক চাপের মুখে তাঁর জীবনের সেরা ইনিংসটি খেললেন। ১৭৯ মিনিট উইকেটে দাঁড়িয়ে ১১৬ বলের মোকাবিলার ৬৮ রানে অপরাজিত থাকলেন তিনি। এই ইনিংসের মধ্যে দিয়ে মিনহাজুল বিশ্বকাপের আগে তাঁকে দল থেকে বাদ দেওয়ার জবাব ও তাঁর প্রতি আস্থা রেখে তাঁকে পুনরায় দলে ফেরানোর প্রতিদানটি দিলেন খুব যুত্সইভাবে।বাংলাদেশ ১৮৫ রান করে ৫০ ওভার শেষ করার পর বিশেষজ্ঞরা বলাবালি করছিলেন, এটাই হয়তো সেই ম্যাচ জেতার জন্য যথেষ্ট স্কোর। তবে তাঁরা কথাটি বলেছিলেন, একটা ‘যদি’কে বিবেচনা করে। সেই ‘যদি’ হল ভালো বোলিং আর দ্রুত কয়েকটি উইকেট ফেলে স্কটল্যান্ডকে চাপে ফেলে দেওয়া।বাংলাদেশের বোলাররা অবশ্য ব্যাটসম্যানদের পথে হাঁটলেন না। স্কটল্যান্ডের স্কোরবোর্ডে কোনো রান না উঠতেই হাসিবুল হোসেনের বলে আউট হলেন তাঁদের উদ্বোধনী ব্যাটসম্যান প্যাটারসন। দলীয় ৮ রানের মাথায় আউট সেই হাসিবুলই আউট করেন স্মিথকে। মঞ্জুরুল ইসলাম ফিরিয়ে দিলেন ফিলিপকে। এক পর্যায়ে স্কটিশ স্কোর দাঁড়ায় ৮৩/৬ তে। ম্যাচের ঠিক এসময়টিতেই লড়াই স্কটল্যান্ডের দিকে নিয়ে যান গ্যাভিন হ্যামিল্টন, অধিনায়ক স্যালমন্ড ও ডেভিস। বিশেষ করে হ্যামিল্টন ৬৩ রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠো থেকে প্রায় বের করেই নিয়ে যাচ্ছিলেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে যখন রাস্তা থেকে প্রায় ছিঁটকে ফেলেছেন হ্যামিল্টন, ঠিক তখনই এক দৈবাত্ ঘটনা বাংলাদেশকে আবার ফিরিয়ে দেয় ম্যাচে। মঞ্জুরুল ইসলাম বল করছিলেন ডেভিসকে। ডেভিস তাঁর বলে ড্রাইভ করলে মঞ্জুরুল ডন দিকে ঝাঁপিয়ে পড়ে তাতে হাত লাগান। এসময় নন স্ট্রাইকিং এন্ডে থাকা হ্যামিল্টন ক্রিজ ছেড়ে বেশ কিছুটা বাইরে বেরিয়ে এসেছিলেন। মঞ্জুরুলের হাতে লেগে বল নন-স্ট্রাইকিং প্রান্ডের স্ট্যাম্প ভেঙে দিলে সৌভাগ্যের বার্তা চলে আসে বাংলাদেশের। হ্যামিল্টন আউট। হ্যামিল্টন আউট হওয়ার পর স্কটল্যান্ডের বাকি ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশের বোলাররা হয়ে উঠলেন বড় বেশি কঠিন প্রতিপক্ষ। হ্যামিল্টন ১৩৮ রানে আউট হলে স্কটল্যান্ডের বাকি ৩ উইকেট পড়ে যায়, মাত্র ২৫ রানে। স্কটল্যান্ডের শেষ উইকেট পড়ে তাঁদের ১৬৩ রানের মাথায়। এনামুল হকের বলে অধিনায়ক আমিনুল ইসলাম আসিম বাটের ক্যাচটি নিলে এক ঐতিহাসিক বিজয়ের আনন্দে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। বিশ্বকাপে প্রথম জয়টি এসে লুটিয়ে পড়ে বাংলাদেশের পায়ে। ম্যাচজয়ী অনবদ্য ৬৮ রানের জন্য মিনহাজুল আবেদীনের হাতে তুলে দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।