নিরানব্বইয়ের ইংল্যান্ড বিশ্বকাপ দিয়ে পথচলার শুরু। এরপর ২০০৩-এর দক্ষিণ আফ্রিকা ও ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ। কালের পরিক্রমায় তিনটি বিশ্বকাপ খেলা হয়ে গেছে বাংলাদেশের। এ তিনটি বিশ্বকাপে বাংলাদেশের অর্জন অতটা সমৃদ্ধ না হলেও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ’৯৯ সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলতে এসেই পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল আমাদের এ দেশ। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার বোঝাটা ভারী হলেও ২০০৭ সালে ভারতকে হারিয়ে দ্বিতীয় পর্বে গিয়ে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছিল নিজেদের নিরন্তর উন্নতি। দ্বিতীয় পর্বে দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানোর কৃতিত্ব এ দেশের বিশ্বকাপ ইতিহাসকে করেছিল সমৃদ্ধ।আজ এ ২০১১ সালে আরও একটি বিশ্বকাপের আগমনী লগ্নে দাঁড়িয়ে বিশ্বকাপে এ দেশের কিছু অর্জন নিয়ে আলোচনা করলে কেমন হয়। তিনটি বিশ্বকাপে একেক করে ২০টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এ ২০টি ম্যাচ সাফল্য-ব্যর্থতায় মিশ্রিত। এই ম্যাচগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে আমরা পেয়েছি বেশ কিছু সাফল্যের ঝলকানি। সেই ঝলকগুলো কেবল বিশ্বকাপ নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অংশ হয়ে গেছে ইতিমধ্যে। আসুন, নিজেদের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপকে সামনে রেখে আমরা পেছনে ফিরে দেখি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট থেকে বেরিয়ে আসা সেরা তিনটি ইনিংস। যে ইনিংসগুলো আমাদের ভবিষ্যতের প্রেরণার উত্স। স্মৃতিসুধায় অবগাহনের বিরাট কয়েকটি উপলক্ষ।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের ৮৭, ২০০৭ বিশ্বকাপ, জর্জটাউন:গুণগত দিক দিয়ে ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশরাফুলের সেই ৮৭ রানের ইনিংসটিকেই বিশ্বকাপে বাংলাদেশের সেরা ইনিংস হিসেবে বিবেচনায় নেওয়া যায়। জর্জটাউনের উইকেটে আশরাফুল সেদিন প্রোটিয়া বোলারদের নামিয়ে নিয়ে এসেছিলেন পাড়া-মহল্লার বোলারদের সমপর্যায়ে। তিনি সেদিন মাখায় এনটিনি, অ্যান্ড্রু নেইল ও ল্যাঙ্গাভেল্টদের বলে যা খুশি তাই করতে পেরেছিলেন। এনটিনির বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে স্কুপ শটে বাউন্ডারি হাঁকানো তো আর প্রতি মুহূর্তের কাজ নয়, আশরাফুল সেদিন সেটাই করেছিলেন আশ্চর্য অবলীলায়। উইকেটের চারদিকেই ছিল তাঁর ব্যাটের পরশ। ১২৭ মিনিট উইকেটে থেকে ৮৩ বলের মোকাবিলায় তিনি খেলেছিলেন ৮৭ রানের এক দুরন্ত ইনিংস। সেই ইনিংস সাজানো ছিল ১২টি চারের মারে। আশরাফুলের সেই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ নিজেদের সংগ্রহকে তুলে নেয় ২৫১ রানে। আর যেটা পরে ম্যাচ জয়ী স্কোরে পরিণত হয়। বাংলাদেশ প্রথমবারের মতো শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবাইকে অবাক করে দেয়।স্কটল্যান্ডের বিপক্ষে মিনহাজুল আবেদীনের অপরাজিত ৬৮, ১৯৯৯ বিশ্বকাপ, এডিনবরা:মোহাম্মদ আশরাফুলের ৮৭ রানের ইনিংসটি না থাকলে এটিই হতে পারত বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে খেলা কোনো ব্যাটসম্যানের সেরা ইনিংস। প্রতিপক্ষ সহজ হলেও ইনিংসটি খেলার পরিস্থিতি ও পরিবেশ কোনোটাই সেদিন অনুকূলে ছিল না। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ও তীব্র বাতাসের মধ্যে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই মহা বিপদের মধ্যে ছিল। ২৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন রীতিমতো ধুঁকছে। এমন একটি পরিস্থিতিতে দারুণ প্রত্যয়ের সঙ্গে ব্যাট করলেন টেস্ট পূর্বযুগে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন। প্রথমে ইনিংস মেরামত করলেন নাঈমুর রহমানকে সঙ্গে নিয়ে। এক, দুই করে নিতে নিতে ধীরে ধীরে হাত খুলতে শুরু করলেন তিনি। ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাট করে ১৭৯ মিনিটে ১১৬ বলের মোকাবিলায় ছয়টি চারের সাহায্যে খেললেন অপরাজিত ৬৮ রানের ইনিংসটি। তাঁর সেই ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলল ১৮৫ রান। উইকেটের বিচারে সেটি যে ম্যাচ জয়ী স্কোর ছিল, তার প্রমাণ পরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। স্কটল্যান্ডকে ২২ রানে হারিয়ে সে ম্যাচই বিশ্বকাপে প্রথম জয়টা তুলে নেয় বাংলাদেশ।ভারতের বিপক্ষে মুশফিকুর রহিমের অপরাজিত ৫৬, ২০০৭ বিশ্বকাপ, পোর্ট অব স্পেন:সে ম্যাচে ভারতকে ১৯১ রানে অলআউট করে দিলেও জয়টা একেবারে সহজ ছিল না বাংলাদেশের জন্য। এর সবচেয়ে বড় কারণ, ভারতীয় দলে ছিলেন জহির খান, হরভজন সিংদের মতো ম্যাচ জয়ী বোলার, যাঁরা চোখের নিমিষেই ম্যাচকে ঘুরিয়ে দিতে পারতেন নিজেদের দিকে। ভারতের স্কোর তাড়া করতে নেমে তামিম ইকবালের ঝোড়োগতির ব্যাটিংয়ে কাজটা সহজ হয়ে গেলেও মুহূর্তেই ৭৯ রানে তিন উইকেট হারিয়ে জয়ের পথ অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। কিন্তু চার নম্বরে ব্যাট করতে নামা মুশফিকুর রহিমের সেই স্থিতধী ইনিংসের মাধ্যমেই বাংলাদেশ সেদিন সব বিপদ জয় করে নিজেদের মাথায় চড়িয়েছিল জয়ের মুকুট। মুশফিকুর রহিম ১৮৫ মিনিট ব্যাট করে ১০৭ বল খেলে ৫৬ রানে অপরাজিত থেকে বাংলাদেশের বিজয়কে করেছিলেন সুরক্ষিত। মুশফিকের ধীর স্থির ব্যাটিংয়ের ফলেই ক্রিজের অপর প্রান্তে সাকিব আল হাসান হাত খুলে খেলতে পেরেছিলেন। সাকিব সেদিন ৬৯ রান করলেও পরিস্থিতির বিবেচনায় মুশফিকের ইনিংসটি তাঁর ইনিংসকেও পেছনে ফেলেছে। সেদিন মুশফিকুরের ব্যাট থেকে এসেছিল তিনটি চার ও দুটি ছয়ের মার। ভারতের বিপক্ষে সে ম্যাচে জয়সূচক রানটিও এসেছিল মুশফিকুরের ব্যাট থেকে।