বিশ্বকাপে বৃষ্টি আতঙ্ক
টানা দ্বিতীয় ম্যাচ-সেরার পুরস্কার পেলেন ড্যারেন স্যামি, কিন্তু পাওয়া উচিত ছিল আসলে রামনরেশ সারওয়ানের! ব্যাটিংয়ে নামেননি, বল হাতে নেননি, একটা ক্যাচ নিয়েছেন ম্যাচের যেটার প্রভাব খুব একটা ছিল না; তার পরও ম্যাচের আসল নায়ক তো সারওয়ানই! গায়ানার ছেলে সারওয়ান পরশু আশৈশব চেনা আকাশ দেখেই ম্যাচের ভবিষ্যৎটাও যেন বুঝে ফেলেছিলেন। ক্রিস গেইলকে বলেছিলেন টস জিতলে ফিল্ডিং নিতে। বৃষ্টি যদি আসে, ডাকওয়ার্থ-লুইস (ডিএল) আইনের সুবিধাটা বেশি এতে নেওয়া যাবে।হলোও তা-ই। রানের পাহাড়ে চড়ে বসা ইংল্যান্ডকে এই ডিএল পদ্ধতির কল্যাণেই ওয়েস্ট ইন্ডিজ হারাল ৮ উইকেটে। নিশ্চিত হলো সুপার এইট। প্রভিডেন্স স্টেডিয়ামের মন্থর উইকেটেও ২০ ওভারে ১৯১ রান করেছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২.২ ওভার পরই নামে বৃষ্টি, আবার খেলা শুরু হওয়ার পর লক্ষ্য দাঁড়ায় ৬ ওভারে ৬০। বৃষ্টির আগেই ৩০ রান তুলে ফেলা উইন্ডিজ দুই উইকেট হারিয়ে জিতে যায় এক বল আগেই। ২০ ওভারে গড়ে ১০ রান করে তোলার চেয়ে সেটি ৬ ওভারে করা যে অনেক সহজ, এটা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।পরশু প্রথম ম্যাচের ফলাফলও নির্ধারিত হয়েছে ডিএল পদ্ধতিতে। ওই ম্যাচে অবশ্য যে দলের জেতা উচিত সেই দলই জিতেছে। কিন্তু আরেকটু তৎপর হলে জিততে পারত জিম্বাবুয়েও! এক দফা বৃষ্টিতে তাদের ১৭৪ রানের লক্ষ্য পরিবর্তিত হয়ে দাঁড়ায় ১০ ওভারে ১০৪। ৫ ওভারে ২৯ করার পর আবার বৃষ্টি, দেখা গেল রানটা ৪৪ হলেই জিতে যেত জিম্বাবুয়ে। একবার ভাবুন, একটি-দুটি ওভারে যদি ১৫-১৬ রান করে নিতে পারত জিম্বাবুয়ে, টি-টোয়েন্টিতে যেটা হরহামেশাই হয়, তাহলে তো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেত শ্রীলঙ্কা!কেবল গেইল আর কলিংউড মুখ খুলেছেন, কিন্তু বাকি সব অধিনায়কের জন্যও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিএল পদ্ধতি বোধহয় আতঙ্কের অন্য নাম!ইংল্যান্ডই তো এর শিকার হয়েছিল গত বিশ্বকাপেও হয়েছিল। এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই। দুবার একই ঘটনার শিকার হওয়ার পর ক্ষোভটা কলিংউড উগড়ে দিয়েছেন প্রকাশ্যেই, ‘ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস ঠিক আছে, কিন্তু বড় সমস্যা টি-টোয়েন্টিতে। শতকরা ৯৫ ভাগ সময় ১৯১ করা দলই ম্যাচ জিতবে। কিন্তু ডিএল পুরো সমীকরণটাকেই উল্টে দিচ্ছে। অনেকে বলতে পারেন, পরাজয়ের হতাশা থেকে আমি এ কথা বলছি। কিন্তু সত্যিটা হলো এটা নিয়ে ভাবা উচিত।’সত্যিই যদি ভেবে থাকেন হেরেই এমনটা বলেছেন কলিংউড, তাহলে শুনুন ক্রিস গেইলের কথা, ‘আমি কলিংউডের সঙ্গে একমত। ওর জায়গায় আজ আমিও থাকতে পারতাম। এটা নিয়ে ভাবার সময় হয়েছে, এমন হওয়া উচিত যাতে দু দলই সমান সুবিধা পায়। নিজেদের কথা ভেবে আমি খুশি, কিন্তু ইংল্যান্ডের জন্য দুর্ভাগ্যজনক।’ এমনিতে ক্রিকেটে যতগুলো বৃষ্টি আইন হয়েছে, তার মধ্যে ডাকওয়ার্থ-লুইসই এখনো পর্যন্ত সবচেয়ে কার্যকরী ও নিখুঁত হিসেবে স্বীকৃত। আইসিসি তাই এটাকেই ‘আদর্শ’ হিসেবে বেছে নিয়েছে, ১৯৯৭ সালের প্রথম দিকে হারারেতে ইংল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে এর প্রথম প্রয়োগ, এর পর থেকে প্রশ্ন উঠেছে খুব কমই। কিন্তু ঝামেলাটা হলো, দুই ব্রিটিশ পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস যখন এই পদ্ধতিটা তৈরি করেন, তখন তাঁদের মাথায় ছিল কেবলই ওয়ানডে। টি-টোয়েন্টির জন্ম তো দূরের কথা, এমন কিছু যে আসতে পারে, সেটাই তো তখন অকল্পনীয় ছিল। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্মেরও পাঁচ বছর পার হয়ে গেল, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের জন্য আদর্শ কোনো বৃষ্টি আইন নেই এখনো। ভি. জয়াদেভন নামের ভারতের এক প্রকৌশলীর তৈরি ‘ভিজিডি’ পদ্ধতি ব্যবহূত হয়েছিল বিতর্কিত ক্রিকেট লিগ আইসিএলে, ব্যাপক সমালোচিত হওয়ার পর সেটিও টেকেনি।তবে টি-টোয়েন্টি যেভাবে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছে, আলাদা বৃষ্টি আইন জরুরি হয়েই পড়েছে। ডাকওয়ার্থ ও লুইস এখনো বেঁচে আছেন, তাঁরা একটু চেষ্টা করলেও তো হয়!