বিশ্বকাপে বেকহামের অনিশ্চিত যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ববি মুরের রেকর্ড ভেঙেছেন আগেই। এবার ববি চার্লটনের রেকর্ডে চোখ ডেভিড বেকহামের। বিশ্বকাপের দলে জায়গা পেলেই রেকর্ডটা হয়ে যায়। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারবার বিশ্বকাপ খেলার রেকর্ড। চার্লটন ছিলেন ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ আর ১৯৭০ বিশ্বকাপের দলে। এর মধ্যে ’৫৮-তে অবশ্য মাঠেই নামা হয়নি তাঁর। গত তিনটি বিশ্বকাপে খেলা বেকহাম যাচ্ছেন তো দক্ষিণ আফ্রিকায়?প্রশ্নটার উত্তর খোদ বেকহামেরই অজানা, আপনি-আমি তো কোন ছার। এসি মিলানের হয়ে ক্যারিয়ারে রেনেসাঁ ঘটিয়ে ফেলা বেকহামকে নেওয়ার আভাসই দিয়েছিলেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। কিন্তু ধূমকেতুর মতো জ্বলে উঠেই হঠাত্ যেন হারিয়ে গেছে তাঁর ফর্ম। মিলানের প্রথম একাদশে জায়গার গ্যারান্টি দিতে পারছেন না ক্লাবের কোচ লিওনার্দো। নিয়মিত খেলতে না পারার মানে তো একটাই—বেকহামের বিশ্বকাপ-যাত্রা অনিশ্চিত।মিলান আবার এরই মধ্যে ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। ফলে বিশ্বকাপের টিকিটটা পেতে নিজেকে প্রমাণের মঞ্চ বেকহাম পাচ্ছেন কেবল ইতালিয়ান ফুটবলে। কিন্তু নিয়মিত খেলার সুযোগ তো পেতে হবে আগে। বেকহামও তাই ভালো করেই জানেন, ‘বিশ্বকাপের জায়গা আমার জন্য মোটেও নিশ্চিত নয়। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এর পরই আশা করি আমি জায়গা পাব। এখনো বেশ কয়েক মাস হাতে আছে। আশা করি, আমি এসি মিলানের হয়ে খেলে যাব, ভালো খেলব। এতটা ভালো যে আমাকে ইংল্যান্ড দলে অবশ্যই নেওয়া হবে।’গত তিনটি বিশ্বকাপে দলের অপরিহার্য সদস্য ছিলেন। ২০০২ আর ২০০৬ বিশ্বকাপে তো দলের নেতৃত্ব ভার ছিল তাঁরই কাঁধে। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপে তাঁর শেষটা হয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে। আর ২০০২ বিশ্বকাপে সেই আর্জেন্টিনার বিপক্ষে তিনি নিয়েছেন প্রতিশোধ। গত বিশ্বকাপটাও অবশ্য ছিল ঘটনাবহুল। পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছিল রুনি বনাম রোনালদোর ম্যাচ। যেটি হয়ে যায় অধিনায়ক বেকহামের শেষ ম্যাচ।শেষ ম্যাচ হয়ে যেত খেলোয়াড় বেকহামেরও। কিন্তু দুর্দান্ত খেলে আবারও জাতীয় দলে জায়গা পুনরুদ্ধার করেছেন। লড়াকু বেকহাম কি পারবেন ক্যাপেলোর ২৩ জনের দলে ঠাঁই করে নিতে? ওয়েবসাইট।