বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পাতানো ছিল!
ভারত ও পাকিস্তানের মধ্যকার গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচটি পাতানো ছিল—নিজের লেখা বইয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক এড হকিন্স।ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের ‘দ্য নিউজ’। পাকিস্তানের অন্য গণমাধ্যমগুলোও খবরটি ফলাও করে প্রচার করেছে। হকিন্স তাঁর বইয়ে দাবি করেন, পাকিস্তানের ইনিংসে কী ঘটবে, তা আগেই ঠিকঠাক বলে দিয়েছিলেন ভারতীয় একজন জুয়াড়ি।হকিন্স জানান, ভারতের ইনিংস চলার সময়ে ওই জুয়াড়ি তাঁকে টুইটারে একটি বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় বলা হয়, পাকিস্তান ব্যাট করার সময় খুব দ্রুত ১০০ রান তুলবে। এর পর দ্রুত দুটি উইকেট হারাবে। দলীয় ১৫০ রানের মধ্যে পাঁচটি উইকেটের পতন ঘটবে এবং শেষ পর্যন্ত ২০ রানের বেশি ব্যবধানে হেরে যাবে পাকিস্তান।জুয়াড়ির কথা মিথ্যা হয়নি। দলীয় সংগ্রহ ১০০ অতিক্রম করার পরই মাত্র চার রানের ব্যবধানে দুটি উইকেট হারায় পাকিস্তান। দলীয় সংগ্রহ ১৫০ স্পর্শ করার আগে পতন ঘটে পাঁচটি উইকেটের। শেষ পর্যন্ত ২৯ রানে হেরে যায় পাকিস্তান।হকিন্স অবশ্য তাঁর বইয়ে সরাসরি দাবি করেননি যে ভারত-পাকিস্তানের ওই ম্যাচ পাতানো ছিল। তবে তাঁর বক্তব্য সত্যি হলে ম্যাচটি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।বিশ্বকাপ চলার সময়ও একবার এই ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছিল। ওই বছরের এপ্রিলে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, তদন্তে ওই ম্যাচে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তবে এড হকিন্স তাঁর বইয়ে ম্যাচটি নিয়ে প্রশ্ন তোলায় আবারও তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ইজাজ বাট।