বিশ্বকাপে ভালো খেলতে প্রত্যয়ী কাকা
রিয়াল মাদ্রিদের হয়ে কঠিন একটি মৌসুমই কাটালেন ব্রাজিলীয় সুপারস্টার কাকা। গত রোববার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে মাঠে নামতে পারেননি ব্রাজিলের এই প্লে-মেকার। তাঁর ফিটনেস ও ফর্ম নিয়ে চলছে নিরন্তর জল্পনা-কল্পনা। তবে কাকা নিজেই এসব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরিই প্রস্তুত। আর প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্বকাপে ব্রাজিলের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার। কাকা জানিয়েছেন, বিশ্বকাপে ভালো করতে তিনি আত্মবিশ্বাসী। আগামী শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে ক্যাম্পে গিয়ে নিজের ফিটনেস পরীক্ষা করিয়ে আসবেন বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা কাকা। তিনি চান না, তাঁর বিশ্বকাপ প্রস্তুতিতে তিল পরিমাণ ঘাটতি থাকুক। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে কাকা বলেছেন, ‘আমি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাই না। আশা করি, সমর্থকেরা বিশ্বকাপে আসল কাকাকেই দেখতে পাবেন।’রোনালদিনহো-আদ্রিয়ানোবিহীন ব্রাজিলীয় দলে কাকার কোনো বিকল্প নেই। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকদের মনোযোগের সবটাই থাকবে কাকার ওপর। এ মৌসুমটি একেবারেই ভালো কাটেনি তাঁর। গত মার্চ-এপ্রিলে ইনজুরির কারণে প্রায় কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। যে কয়টি ম্যাচ খেলেছেন, তাতে নিজেকে খুঁজে ফিরতে হয়েছে তাঁকে। কাকা নিজেও মানছেন, এ মৌসুমটা কঠিনই গেছে, তবে এ মুহূর্তে অতীত নিয়ে তিনি একেবারেই ভাবছেন না। তাঁর সব প্রত্যয় নিবিষ্ট এখন বিশ্বকাপের দিকে। ব্রাজিলের পক্ষে খেলাটাই যে বিরাট এক অনুপ্রেরণা তা জানিয়ে কাকা বলেছেন, ‘এমন অনেক সময় গেছে, যখন হয়তো মৌসুমটা ভালো যায়নি। কিন্তু ব্রাজিলের হলুদ-নীল জার্সি গায়ে খেলতে নেমেই অন্যরকম অনুপ্রেরণা পেয়েছি, যা ভালো খেলতে আমায় সাহায্য করেছে। আমার বিশ্বাস, এবারের মোটামুটি মানের মৌসুমটি শেষে বিশ্বকাপে আমি দুরন্ত ফর্মেই থাকব।’