বিশ্বকাপে ভুয়া সাংবাদিক!
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের গ্যালারিতে আয়েশি ভঙ্গিতে বসে খেলা দেখছিলেন। গলায় ঝোলানো আয়োজক কমিটির দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড। যাতে লেখা ‘অফিশিয়াল’ শব্দ। কোমরে ঝোলানো একটি পরিচয়পত্র। সেখানে একপাশে লেখা প্রেস, ওপরে লেখা দৈনিক প্রথম আলো। পত্রিকাটির লোগো-সংবলিত এমন পরিচয়পত্র চোখে পড়ে এই প্রতিবেদকের।
কাছে ডেকে নাম জিজ্ঞাসা করলে কথা বলেননি। তবে তাঁর কার্ডে নাম লেখা মোহাম্মদ সালাউদ্দিন। মৌচাক টাওয়ারে কার্যালয়। পাশেই ক্রীড়ালেখক সমিতির কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বোঝা যায়, আসলে তিনি একজন বাকপ্রতিবন্ধী। ইশারায় বললেন, ‘৫০০ টাকা দিয়ে এই কার্ড বানিয়েছি।’
৪০টি দেশ নিয়ে আয়োজিত রোলবল বিশ্বকাপে ঢুকে গেছেন ভুয়া পরিচয়পত্র নিয়ে। আয়োজকেরা ধরতে পারেননি। এই ভুয়া সাংবাদিকের ব্যাগে খুঁজে পাওয়া গেল সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপ, ঢাকায় হওয়া অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি, জুরখানে প্রতিযোগিতা, বাংলাদেশ গেমস, ২০১০ ঢাকা দক্ষিণ এশিয়ান গেমসসহ নানা আন্তর্জাতিক টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন কার্ড। একটি ভুয়া মুক্তিযোদ্ধার কার্ডও ছিল তাঁর পকেটে! আয়োজক কমিটির মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড তৈরির দায়িত্বে থাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া বললেন, ‘আমি ওকে কার্ড দিতে চাইনি। আমার কাছে এলে ঘাড় ধরে কক্ষ থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু পরে কেউ হয়তো দয়াপরবশ হয়ে তাকে এই কার্ড দিয়েছে।’ ভুয়া এই কার্ডধারীকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর কার্ডগুলো অবশ্য মোহাম্মদ ইয়াহিয়া জব্দ করেছেন।