বিশ্বকাপে মিসবাহই...
বেচারা মিসবাহ-উল-হক! তেমন কিছু না করেই পড়ে গেলেন বিতর্কের ঘেরাটোপে। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) তাকে কেন্দ্র করে এখন স্পষ্টতই বিভাজন। বিতর্কটা হচ্ছে মিসবাহকে ওয়ানডে অধিনায়ক হিসেবে রাখা না-রাখা নিয়ে। আর তাতে পরস্পরের মুখোমুখি পিসিবি প্রধান ও প্রধান নির্বাচক। পরশু মাত্রই নিয়োগ পাওয়া প্রধান নির্বাচক মঈন খান পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, আগামী বিশ্বকাপে নতুন অধিনায়ক নিয়েই যাওয়া উচিত পাকিস্তানের। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই শোনা গেল পুরো উল্টো কথা। এবার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি মিসবাহকে স্বস্তি দিয়ে বললেন, বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক দেখতে চান তাঁকেই।
কাল মঈন খানকে দায়িত্বের পরিধিটাও স্মরণ করিয়ে দিলেন শেঠি, ‘আইন অনুযায়ী নির্বাচক ও দলের অধিনায়ক বেছে নেন পিসিবি চেয়ারম্যান। নির্বাচকদের দায়িত্ব হচ্ছে দল বাছাই করা। কার অধিনায়ক হওয়া উচিত এটা নিয়ে নির্বাচকদের ব্যক্তিগত অভিমত যা-ই হোক না কেন, মিসবাহকে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক রাখার সিদ্ধান্তে আমি অটল।’
আগামী মাসে ৪০-এ পা দিতে যাওয়া মিসবাহ ২০১১ সাল থেকে নিয়মিত ওয়ানডে অধিনায়ক। তাঁর নেতৃত্বে ৭১ ম্যাচের ৩৯টিতে জিতেছে পাকিস্তান। ব্যাট হাতেও মিসবাহ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে তাঁর ক্যারিয়ার ব্যাটিং গড় যেখানে ৪৪.৩৮, অধিনায়ক হিসেবে সেটা ৪৭.২১। গত ১২ মাসে তো পাকিস্তানের ব্যাটিং মহিরুহই হয়ে যাওয়া মিসবাহর গড় ৫২। ২০১৩ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের (১৩৭৩) মালিক পাকিস্তানকে জিতিয়েছেন সাতটি ওয়ানডে সিরিজ। শেঠি ভোলেননি মিসবাহর অবদান, ‘ওয়ানডে ও টেস্ট দুটিতেই মিসবাহ অসাধারণ খেলেছে। তা ছাড়া দলের সবচেয়ে ফিট খেলোয়াড়দেরও একজন সে।’
পরশু করাচিতে মঈন পরিবর্তনের ডাক দিয়েছিলেন, ‘অধিনায়ক পরিবর্তন নিয়ে একটা আলোচনা হয়েছে। পিসিবির সবাই ও নতুন কোচের সম্মতিতে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে।’
শেঠি যতই আশ্বস্ত করুন না কেন, মিসবাহর মনে খচখচানি থাকতেই পারে। অধিনায়ককে নিয়ে মিউজিক্যাল চেয়ারের খেলা যে পাকিস্তানই সবচেয়ে বেশি হয়! এএফপি, ওয়েবসাইট।