বিশ্বকাপে মৃত্যু-ট্র্যাজেডি
নির্ধারিত ৯০ মিনিটে খেলায় সমতা। স্নায়ুক্ষয়ী উত্তেজনা নিয়ে নিষ্ফলা অতিরিক্ত ৩০ মিনিটও। পেনাল্টি শুট-আউটের লটারি যেন দম আটকে দিচ্ছিল দর্শকদের। কী হচ্ছে, কী হতে চলেছে? টাইব্রেকারের যে নেই কোনো ভরসা। ব্রাজিল-ভক্তদের জন্য এই টাইব্রেকার যে স্নায়ুকে আরও অনেক বেশি নির্জীব করে দেওয়ার মতো। এই টাইব্রেকারই যে ছিয়াশিতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল জিকো-সক্রেটিসের ব্রাজিলকে। অবশ্য এই টাইব্রেকারই তাদের চুরানব্বইয়ে ২৪ বছর পর ফিরিয়ে দিয়েছিল বিশ্বকাপ। চিলির ম্যাচে ব্রাজিল সমর্থকদের তখন আর টাইব্রেকারের সৌভাগ্যগাথা নয়, দুর্ভাগ্যের ইতিহাসটাই যেন বেশি করে মনে আসছিল। তীব্র উত্তেজনার সেই মুহূর্তগুলো সহ্য করতে না পেয়ে মারা গেছেন এক ব্রাজিলিয়ান। ৬৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম অজ্ঞাত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
ব্রাজিল-চিলি ম্যাচের টাইব্রেকারের উত্তেজনা অসুস্থ বানিয়েছে আরও অনেককে। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের বরাতে এএফপি জানিয়েছে, খেলা চলাকালে সর্বমোট ১০০ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মৃত্যুর ট্র্যাজেডি ঘটেছে অপর ম্যাচেও। উরুগুয়েকে ২-০ গোলে হারানোর পর উন্মত্ত জয়োত্সবে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী এক কলম্বিয়ান তরুণীর। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
এদিকে একই দিন ২-০ গোলে উরুগুয়েকে পরাজিত করেছে কলম্বিয়া। এই জয়ে উত্সবে মেতে ওঠেন দেশটির ফুটবলভক্তরা। এ সময় উন্মাদনা প্রকাশে ছোড়া ফাঁকা গুলিতে ২৫ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।