বিশ্বকাপে মেসির ফেবারিট যারা

এবার বিশ্বকাপ কে জিতবে? উত্তরটা নিখুঁতভাবে দেওয়ার সামর্থ্য ছিল যার, সেই ২০১০ বিশ্বকাপের বিখ্যাত জ্যোতিষী অক্টোপাস পল আর নেই। পলের জায়গায় নিশ্চয়ই আরও কেউ এসে যাবে। এসেছেও। কিন্তু নিখুঁত উত্তর কি দেওয়া সত্যিই সম্ভব? সেটিও ফুটবল বিশ্বকাপের মতো একটা মহা আসরে।
তবে তাই বলে প্রশ্নটা তো আর বসে থাকতে পারে না। একই রকম প্রশ্ন ছুটে গিয়েছিল লিওনেল মেসির কাছেও। মেসি এই বিশ্বকাপে তাঁর ফেবারিট হিসেবে দেখেন কাদের? নিজ দল আর্জেন্টিনাকে তো বেছে নিয়েছেনই, মেসি বলেছেন জার্মানি, ব্রাজিল, স্পেনের কথাও। এমনকি শেষ মুহূর্তে বিশ্বকাপের টিকিট পাওয়া ফ্রান্সকেও হিসাবের মধ্যে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। বুয়েনস এইরেসের একটি রেডিওর সাক্ষাত্কারে এই বিশ্বকাপে নিজের ফেবারিটদের নাম বলতে গিয়ে এই পাঁচ দলের কথা বলেছেন মেসি।
মেসি বলেছেন, ‘বিশ্বকাপের ফেবারিট বরাবরের মতো এবারও জার্মানি, ব্রাজিল, স্পেন। প্লে-অফ খেলতে হলে ফ্রান্সও এই তালিকায় থাকবে। আর আর্জেন্টিনা তো অবশ্যই।’ বাকি দলগুলোকে ফেবারিট তকমা দেওয়ার ব্যাখ্যায় না গেলেও আর্জেন্টিনার সম্ভাবনা সম্পর্কে ঠিকই বলেছেন মেসি, ‘আর্জেন্টিনা সব সময়ই শিরোপার দাবিদার, সেটা আমরা বিশ্বকাপে যেভাবেই উঠি না কেন। তা ছাড়া এবার আমাদের দলের গড়ে ওঠাটাও দারুণ হয়েছে। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত দলকে সুসংগঠিত করার সময় আমাদের হাতে থাকছে। আমি মনে করি, আমরা আরও উন্নতি করব, দল হিসেবে বেড়ে উঠব।’
বয়স ২৬ চলছে। এই রকম বয়সেই ডিয়েগো ম্যারাডোনা জিতেছিলেন বিশ্বকাপ। মেসি জানেন, এটাই তাঁর সেরা সুযোগ। সম্ভবত শেষ সুযোগও। ‘আমার চেয়ে বেশি করে এই ট্রফি আর কেউই চায় না’ মন্তব্য করে মেসি নিজের মরিয়া ভাবটি বুঝিয়েও দিয়েছেন। গত বড় টুর্নামেন্টগুলোর হতাশা থেকেই খুঁজে নিচ্ছেন প্রেরণা, ‘গত কোপা আমেরিকা এবং আগের দুটো বিশ্বকাপে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারিনি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বাছাইপর্বটাই আমাদের জন্য ঠিক খুবই কঠিন। অবশ্য এবারের বিশ্বকাপ বাছাইপর্বের বাধা অনায়াসেই পেরিয়ে গেছি। বাছাইপর্ব শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল আমাদের বিশ্বকাপ। এ কারণে সমর্থকেরাও আমাদের ওপর খুশি।’
কিন্তু বিশ্বকাপ জিততে হলে তাঁকেই তো নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। সেই মেসিই যে একের পর এক ইনজুরিতে জর্জরিত। মেসি অবশ্য জানালেন, চোট নিয়ে বেশি ভাবছেন না, ‘আমি শান্তই আছি। কারণ আমি জানি ইনজুরি খেলোয়াড়দের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। অবশ্য জানুয়ারির আগ পর্যন্ত মাঠে নামতে পারব না, এটা ভাবাও অনেক কঠিন। তবে জানি আমি ফিরবই, আর নিজের স্বাভাবিক খেলাটাও খেলব।’
শুধুমাত্র ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যে কোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।