বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা!

আশঙ্কটা আগেই প্রকাশ করেছিল ফিফা—বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা হতে পারে—অর্থের লোভে অনেক খেলোয়াড়ই বিক্রি করে দেবেন দেশের সম্ভব। বাজিকরদের প্রলোভনে কলুষিত হয়ে উঠতে পারে ফুটবলের এই মহাযজ্ঞ। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সেই আশঙ্কটা বোধ হয় সত্যিই হলো। অভিযোগ উঠেছে, গ্রুপ পর্বের তিন ম্যাচের প্রতিটিতেই ম্যাচ ফিক্সিং করেছেন ক্যামেরুনের খেলোয়াড়েরা!
এ ‘গ্রুপে’ ক্যামেরুনের প্রতিপক্ষ ছিল ব্রাজিল, ক্রোয়েশিয়া ও মেক্সিকো। এর মধ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটার দিকেই ফিক্সিংয়ের তির সবচেয়ে বেশি। ওই ম্যাচে ৪-০ গোলে হেরে যায় ক্যামেরুন। প্রতিটি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ক্যামেরুন।
অভিযোগের সূত্রপাত প্রখ্যাত জুয়াড়ি উইলসন রাজ পেরুমালের বক্তব্য থেকে। জার্মান একটি ম্যাগাজিনের সঙ্গে আলোচনায় ক্যামেরুনের প্রতিটি ম্যাচের আগাম ফলাফল বলে দিয়েছিলেন তিনি। কোন ম্যাচে ক্যামেরুনের কোন খেলোয়াড় কখন ফাউল করবেন, তাও আগেভাবে বলে দিয়েছিলেন তিনি। তাঁর সব পূর্বানুমান হুবহু মিলেও গেছে।
ব্যাপারটা নিছকই অভিযোগ নয়। ফিফা কোনো পদক্ষেপ না নিলেও এরই মধ্যে সাত খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তে নামার ঘোষণা দিয়েছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘বিশ্বকাপের তিনটি ম্যাচ, বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ক্যামেরুনকে ঘিরে যে অভিযোগ উঠেছে এবং এর সঙ্গে দলের সাত খেলোয়াড়ের সংশ্লিষ্টতা আমাদের প্রশাসনের ভাবমূর্তি ও মূল্যাবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফিফা ব্যাপারটা নিয়ে যোগাযোগ না করলেও সবাইকে জানাতে চাই, আমাদের প্রশাসন এ ঘটনায় শৃঙ্খলা কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছে। যত দ্রুত সম্ভব এর রহস্য উন্মোচন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।’ সূত্র: রয়টার্স।