পোলকওয়ানেমাঠে খেলছেন মেসি, মাঠের বাইরে ম্যারাডোনা। এই বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘মেসিডোনা’য় সওয়ার হওয়ার কথা আপনাদের সবারই জানা। দূর থেকে এটাও বুঝতে পারছেন, ম্যারাডোনা ও মেসি বিশ্বকাপকে কতটা রঙিন করে তুলেছেন এবার।আর আমরা যাঁরা দক্ষিণ আফ্রিকায় এসে আর্জেন্টিনা দলের পেছনে ছুটছি, ছুটছি মেসি এবং ম্যারাডোনার পেছনে, কেবলই বিস্মিত হচ্ছি। মুগ্ধতার ঘোর কিছুতেই কাটছে না। কোচ হিসেবে ম্যারাডোনা ফুল হয়ে ফুটলেন বিশ্বকাপে এসে। এখন তিনি সুরভি ছড়াচ্ছেন। আর্জেন্টাইন সাংবাদিকেরা চুপ হয়ে গেছেন। মুখে কথা ফুটছে না তাঁদের। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচ পর্যন্ত ১৮ মাসে এক শর ওপর খেলোয়াড়কে ডেকে নিজেকে হাস্যাস্পদ করে তুলেছিলেন। এখন দেখা গেল যে ২৩ জনকে নিয়ে তিনি বখতিয়ার খলজির মতো বিশ্বজয়ে বেরিয়েছেন, তাঁরাই সবচেয়ে যোগ্য সেনানী। গ্রিসের বিপক্ষে ম্যাচেও যেমন দেখা গেল। নিয়মিত একাদশের মাত্র চার খেলোয়াড় এদিন নেমেছিলেন মাঠে—গোলে সার্জিও রোমেরো, রক্ষণভাগে মার্টিন ডেমিকেলিস, মাঝমাঠে সেবাস্তিয়ান ভেরন ও আক্রমণভাগে মেসি। সাত সাতটি নতুন মুখ! এ তো আর্জেন্টিনার দ্বিতীয় দল! এই দলটিই গ্রিসের অতিরক্ষণাত্মক পাল্টা-আক্রমণনির্ভর কৌশলকে যেভাবে ছিঁড়েখুঁড়ে ফেলল, তাতে কোনটা প্রথম একাদশ আর কোনটা দ্বিতীয় একাদশ, সেটি বেছে নেওয়াই মুশকিল।বলিহারি ম্যারাডোনার ম্যাচ পড়তে পারার ধীশক্তিকে। সারাটা ক্ষণ ডাগ-আউটে দাঁড়িয়ে প্রতিটি বলের গতিবিধির ওপর তাঁর নজর। ড্রেসিংরুম থেকে বেরোনোর পর যা একটু বেঞ্চে বসেন, অর্থাৎ জাতীয় সংগীত বাজার আগ মুহূর্ত পর্যন্ত। আর সারাটা ক্ষণ তিনি দাঁড়িয়ে থাকেন দুই পায়ের ওপর। পা দুখানাও বিশ্রাম পায় না। পার্শ্বরেখা পেরিয়ে বল কাছে এলেই তাঁর পায়ের চুম্বকে জড়িয়ে যায়। চোখ বুজে অবলীলায় এক পায়ে বল নিয়ন্ত্রণ করে ফেরত পাঠিয়ে দেন মাঠের মধ্যে। কোনো বলবয় লাগছে না বল কুড়িয়ে আনতে। ফিফা না এখন নিয়ম করে দেয় প্রত্যেক কোচ ডাগ-আউটে দাঁড়ালে তাঁকে এভাবে ম্যাজিক দেখিয়ে বল পাঠাতে হবে মাঠের মধ্যে! এই ম্যাজিক ম্যারাডোনা ছাড়া আর কেউ দেখাতে পারবেন না।ম্যারাডোনা ম্যাজিক দেখাচ্ছেন খেলোয়াড় বদলের ক্ষেত্রেও। কোন খেলোয়াড়কে কখন নামাতে হবে সে যেন তাঁর কম্পিউটারের হার্ডডিস্কে পোরা। যে গ্রিসের বিপক্ষে তাঁর সর্বশেষ বিশ্বকাপ ও আন্তর্জাতিক গোল, তাদের বিপক্ষে এক গোলে জেতাটাকে তিনি ঘৃণা করছেন—এটা বোঝা গেল তাঁর হাত-পা ছোড়া এবং মুখের ভাবভঙ্গি দেখে। মনের মধ্যে কেমন যেন একটু করছিল, এই বুঝি ম্যারাডোনা মার্টিন পালের্মোকে নামিয়ে দেন। পালের্মো তাঁর কাছে ‘সন্ত’, মনে পড়ে গত ১০ অক্টোবর পেরুর বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে জয়সূচক গোলটির কথা। পেরু ম্যাচটা ১-১ করে ফেলেছে। এক ম্যাচে তিন পেনাল্টি মিস করে যিনি গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছেন, ১০ বছর পর জাতীয় দলে ডেকে তাঁকে কেন প্রথম পুরোটা ম্যাচ খেলাচ্ছেন বোধগম্য হচ্ছিল না। ৯৩ মিনিটে সেই পালের্মোই জয়সূচক গোল করলেন। ম্যারাডোনার যেন ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। এ ম্যাচেও তা-ই করল, নামালেন পালের্মোকে। ৮০ মিনিটে মিলিতোর বদলি হিসেবে বিশ্বকাপে অভিষিক্ত হওয়ার ৯ মিনিটের মাথায়ই ‘সন্ত’ কাজ করে ফেললেন। অভিষেক ম্যাচেই প্রথম বিশ্বকাপ-গোল। ৩৬ পেরোনো পালের্মো ছুটে এলেন ম্যারাডোনার কাছে, কোচের কাছে কৃতজ্ঞতা যে জানাতে হয়। তা ছাড়া এই গ্রিসের বিপক্ষেই আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি যাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হলো, তাঁর অভিনন্দনও তো কাম্য। সে এক দেখার মতো দৃশ্য। গালিভার জড়িয়ে ধরেছেন লিলিপুটকে!সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার এক সাংবাদিক দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ধন্যবাদ দিয়ে প্রশ্ন শুরু করলেন। তাঁর মুখের কথা কেড়ে নিয়েই আর্জেন্টাইন কোচ কপট রাগে ফুঁসে উঠলেন, ‘ওহ্, এখন ধন্যবাদ দেওয়া হচ্ছে! আমি জানি না বাছাইপর্বে তোমরা কী করেছ? আমার প্রত্যেক খেলোয়াড়কে তোমরা অসীম যন্ত্রণা দিয়েছ, আর এখন খুব সাধু সাধু কথা!’ বলেই হাসিতে খানখান! ঠিক যেন চপলমতি কোনো শিশু তাঁর প্রিয় চকলেটটা পেয়ে গেছে।গোল তো বেশি হলো না?‘আপনারা পেলে, প্লাতিনি বা বেকেনবাওয়ারকে বলে দেবেন, তাঁরা যেন ম্যারাডোনাকে নিয়ে পড়ে না থেকে বিশ্বকাপের এই বলটি নিয়ে কথা বলেন। তাঁরা ফিফার সঙ্গে আছেন, এই কথাটা বললে ফুটবলের জন্যই ভালো হবে। এটা কোনো বল হলো? দূরের পোস্টে বাঁকিয়ে মারলেও তা দূর দিয়ে বেরিয়ে চলে যায়’—চোখ বড় বড় করে মাথা এদিক-সেদিক নেড়েচেড়ে ম্যারাডোনা যেন মুগ্ধতা-জাগানিয়া এক অভিনেতা।এ ম্যাচেও মেসি গোল পেল না।‘গোল পাবে কী? ওকে কি গ্রিকরা খেলতে দিয়েছে! ওরা কি ফুটবল খেলে? মাঝমাঠে বল ধরলেই তার পায়ে মেরে দিতে লাগল। ফিফা করছেটা কী বলুন তো? এ রকম খেলোয়াড়দের মাঠে সুরক্ষা দেয় না কেন, ফিফার কাছ থেকে জেনে নেবেন’—বাক্য শেষ করেই বেরিয়ে গেলেন ম্যারাডোনা। শাওয়ার নিয়ে গায়ে চাপিয়ে এসেছিলেন অ্যাডিডাসের কালো-নীল জার্সি।তিনি গেলেন, আর আমাদের মনের মধ্যে এল ভাবনা। এই ম্যারাডোনা শেষ দিনটি পর্যন্ত না থাকলে এই বিশ্বকাপের রং যে হবে হলুদ, ফ্যাকাশে!