বিশ্বকাপে যেতে পারবেন সান্ত্বনারা?

১৫ থেকে ২১ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত হবে তায়কোয়ান্দোর বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে তিন প্রতিযোগী আমন্ত্রণ পেলেও টাকার অভাবে তাঁদের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
উত্তর কোরিয়া যাওয়ার বিমানভাড়া, অংশগ্রহণ ফি, পোশাক-পরিচ্ছদের জন্য খেলোয়াড়প্রতি প্রয়োজন ১ লাখ ৪০ হাজার টাকা। কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন এই খরচের পুরোটা বহন করতে পারবে না। তারা কেবল পিয়ংইয়ংয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা করবে। বাকিটা খেলোয়াড়দের জোগাড় করতে হচ্ছে ব্যক্তিগতভাবে।
তায়কোয়ান্দো বিশ্বকাপে খেলতে চান লালমনিরহাটের সান্ত্বনা রায়। কিন্তু আদিতমারীর হরিদাস গ্রামের কৃষক বাবার মেয়ে কীভাবে ১ লাখ ৪০ হাজার টাকা জোগাড় করবেন, তা ভেবে কূল পাচ্ছেন না।
১৩ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে চীন হয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশে তাঁদের ঢাকা ত্যাগ করা কথা। কিন্তু টাকার জোগাড় এখনো হয়ে ওঠেনি। ব্যাপারটা নিয়ে একধরনের হতাশা কাজ করছে সান্ত্বনার মধ্যে, ‘আমার নিজের বা পরিবারের পক্ষে ১ লাখ ৪০ হাজার টাকা জোগাড় করা সম্ভব নয়। বিত্তশালী ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ৬০ হাজার টাকা পাওয়া গেছে, প্রতিশ্রুতি আছে আরও ১০ হাজার টাকার। অবশিষ্ট ৭০ হাজার টাকা এখন কোথায় পাব?’
সান্ত্বনা রায়ের এই হতাশার কথা অজানা নয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোলায়মান শিকদারের। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেও প্রয়োজনীয় টাকা তিনি পাননি, ‘আমাদের কোনো স্পনসর নেই। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এক লাখ পাঁচ হাজার টাকা চেয়েছিলাম। কিন্তু তারা বলে টাকা নেই।’ কোচ ও ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাওয়ার কথা সোলায়মানের ।
সান্ত্বনা রায় ২০১১ সালের ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় এবং ২০১২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় ফজিলাতুন্নেছা মুজিব আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছিলেন। বিদেশের মাটিতেও তাঁর সাফল্য আছে। ২০১৪ সালের এপ্রিলে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৭ম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম হয়েছিলেন। এ ছাড়া ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সপ্তম জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি হয়েছিলেন সেরা খেলোয়াড়। এমন ধারাবাহিক সাফল্যই তাঁকে এনে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার আমন্ত্রণ।
সান্ত্বনারা কি শেষ পর্যন্ত যেতে পারবেন পিয়ংইয়ং? কেউ কি আছেন সান্ত্বনাদের সুযোগটা সদ্ব্যবহারের সুযোগ করে দিতে?