বিশ্বকাপে যেতে শোয়েবের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে যেতে শোয়েবের আকুতি
বিশ্বকাপে যেতে শোয়েবের আকুতি

কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন শোয়েব আলী। কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার জমিটা যদি নদীর ভাঙনে না পড়ত, ওটা বিক্রি করেই বিশ্বকাপে চলে যেতাম...।’
শোয়েব আবেগাপ্লুত কণ্ঠে আরও অনেক কিছুই বললেন। যার সারমর্ম, অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে যাওয়ার জন্য অর্থ সাহায্য চেয়ে দ্বারে দ্বারে ঘুরে শূন্য হাতে ফিরেছেন তিনি। এখন শেষ ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘প্রধানমন্ত্রী যদি বিষয়টা দেখেন, তাহলে হয়তো আমি ১৬ কোটি মানুষের হয়ে বিশ্বকাপে বাংলাদেশের পতাকা ওড়াতে পারব। চিৎকার করে বলতে পারব, শাবাশ সাকিব...শাবাশ মুশফিক...গর্জে ওঠো বাংলাদেশ।’
কে এই শোয়েব আলী, যিনি প্রধানমন্ত্রীর সাহায্য নিয়ে হলেও অস্ট্রেলিয়ায় যেতে চান? শোয়েব আলী সেই ‘বাঘ’, বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হলেই যাঁকে রয়েল বেঙ্গল টাইগারের বেশে লাল-সবুজ পতাকা হাতে গ্যালারিতে দেখা যায়। পেশায় মোটর মেকানিক হলেও ক্রিকেট-পাগল এই তরুণ এরই মধ্যে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে ঘুরে এসেছেন জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা। এবার বিশ্বকাপ দেখতে যেতে চান অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডেও। কিন্তু সেটির খরচ জোটাতে পারছেন না বলেই প্রধানমন্ত্রীর কাছে তাঁর ওই অনুরোধ।
মিরপুরের একটি রেস্টুরেন্টে কাল শোয়েবকে সংবাদমাধ্যমের সামনে হাজির করে কথাগুলো বলার সুযোগ করে দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। সংস্থার সভাপতি জুনায়েদ পাইকার জানালেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে শোয়েবের অস্ট্রেলিয়ার ভিসার জন্য একটা চিঠি এবং ম্যাচের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন শুধু অস্ট্রেলিয়ায় যাওয়া-আসা এবং থাকা-খাওয়ার খরচটাই দরকার। তাহলেই ব্রিসবেন-মেলবোর্নের মতো ভেন্যুতেও বাংলাদেশের পতাকা হাতে দেখা যাবে ‘রয়েল বেঙ্গল টাইগার’কে।