বিশ্বকাপে রাকিব ও রানী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের কাঠমান্ডুতে এশিয়ান জোনাল দাবায় উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী বছর জর্জিয়ায় বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ মিলেছে আবদুল্লাহ আল রাকিবের। রানী হামিদ খেলবেন ২০১৮ সালের মেয়েদের বিশ্বকাপে। এই প্রতিযোগিতার ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
রাকিব ও রানী হামিদ দুজনই ৯ খেলায় পেয়েছেন ৮ পয়েন্ট করে। সাড়ে ৭ পয়েন্ট পেয়ে উন্মুক্ত বিভাগে রানারআপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই বিভাগে তৃতীয় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ পেয়েছেন সাড়ে ৬ পয়েন্ট। মহিলা বিভাগে রানারআপ আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজার পয়েন্টও ৮। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে রানী হামিদের কাছে হেরে বিশ্বকাপে যেতে পারলেন না লিজা। মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন। এই টুর্নামেন্ট থেকে একটি আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম পেয়েছেন ইভা। এটা ইভার দ্বিতীয় নর্ম। আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাব পেতে তাঁর প্রয়োজন আরও একটি নর্ম।