বিশ্বকাপে লড়াই হবে ত্রিমুখী: ফ্লেচার
বিশ্বকাপের গত তিনটি আসরে একক আধিপত্য বজায় রেখে শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। আগাগোড়া তারাই ছিল ফেবারিট। আর শিরোপার প্রধান দাবিদার যে তারাই, সেটা আগে থেকেই অনুমিতই ছিল। কিন্তু এবার হয়েছে ক্রিকেট-জগতের দৃশ্যপট অনেকখানিই পরিবর্তিত। প্রবল পরাক্রমশীল অস্ট্রেলিয়া এখন অনেকখানিই দুর্বল হয়ে পড়েছে। বিশ্বকাপের জন্য তাদেরকে আর এককভাবে ফেবারিটের তালিকায় রাখা যাচ্ছে না। অন্য আরও অনেকের মতো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ডানকান ফ্লেচার মনে করছেন, এবারের বিশ্বকাপটা হবে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর শিরোপার লড়াইয়ে তিনি অন্য সবার চেয়ে এগিয়ে রেখেছেন আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দল—ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে। তাঁর মতে, এবারের বিশ্বকাপে বেশ উপভোগ্য হয়ে উঠবে এই ত্রিমুখী লড়াই।১৯৯২ সাল থেকে বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে দুই-দুইবার খুব কাছাকাছি গিয়েও বিশ্বকাপ শিরোপাটা অধরাই থেকে গেছে দক্ষিণ আফ্রিকার। দুবারই খুব দুঃখজনকভাবে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে প্রোটিয়ারা। তবে এবার উপমহাদেশের মাটিতে তারা অন্য সবার জন্য একটা ‘বড় হুমকি’ হিসেবে দেখা দিতে পারে বলে মনে করছেন ফ্লেচার। আর নিজেদের মাটিতে তো ভারত বরাবরই শক্ত প্রতিপক্ষ। তবে বিশ্বকাপটা নিজেদের মাটিতে বলে ভারতকে কিছুটা চাপের মুখেও পড়তে হবে ধারণা ফ্লেচারের। আর ইংল্যান্ডের সাম্প্রতিক অসাধারণ পারফরমেন্সের জন্যই তাদেরকে তিনি রেখেছেন ফেবারিটের তালিকায়। গতকাল শুক্রবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘একদিনের ক্রিকেটের জন্য ইংল্যান্ড খুব ভালো একটা দল। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সাফল্যের পর তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।’ভারত, দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডকে ফেবারিটের তালিকায় রাখলেও শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি ফ্লেচার। আর সম্প্রতি পাকিস্তান ক্রিকেট অনেক বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেও উপমহাদেশের উইকেটে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে কোনো কিছু অনুমান করার ঝুঁকি নিতে চান না বলেই জানিয়েছেন। ক্রিকইনফো।