বিশ্বকাপে শোয়েবের ভূমিকা হবে গৌণ: আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের ম্যাচগুলোতে শোয়েব আকতারের ভূমিকা হবে গৌণ’—এমনটাই জানিয়েছেন অধিনায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদির মতে, ‘শোয়েব এখনো পরিপূর্ণ ফিটনেস প্রমাণ করতে পারেননি। তাই বিশ্বকাপের মতো বড় আসরে তাঁর ওপর নির্ভর করাটা হবে বোকামি। এ মুহূর্তে নিজের পূর্ণ ফিটনেস ফিরে পেতে আরও পরিশ্রম করতে হবে তাঁকে।’শোয়েব আকতার সম্পর্কে শহীদ আফ্রিদির এসব মূল্যায়ন অপ্রিয় সত্যের মতো শোনালেও এর বাইরে যাওয়ার সুযোগটা আসলে খুবই কম। নির্বাচকেরা কেন ফর্ম ও ফিটনেসের এমন করুণ অবস্থার পরেও শোয়েবকে বিশ্বকাপ দলে সুযোগ দিয়েছেন, তা নিয়ে বিতার্কিকের অভাব নেই পাকিস্তান জুড়ে। অনেকের মতে, স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পড়ে আসিফ-আমির ক্রিকেট থেকে বহিষ্কৃত না হলে শোয়েব পাকিস্তান দলে আদৌ সুযোগ পেতেন কি না সন্দেহ। তবে ৩৫ বছর বয়সে অফ ফর্মে থেকেও পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটাকে তাঁর অভিজ্ঞতার পুরস্কার হিসেবেই দেখতে পারেন শোয়েব আকতার।নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে একটি ম্যাচ খেলে বলার মতো কিছুই করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেই বাদ পড়েছেন, সিরিজের বাকি ম্যাচগুলোতেও তাঁর সুযোগ পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। শোয়েবের বদলে বরং উমর গুলের সঙ্গী হিসেবে ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীরকেই বেশি পছন্দ পাকিস্তানি ব্যবস্থাপনার।আফ্রিদি বলেন, ‘এ মুহূর্তে শোয়েব ফিটনেস ফিরে পাওয়ার জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছে। কোচ ওয়াকার ইউনুস নেটে শোয়েবকে অনেক সময় দিচ্ছেন।’১৯৯৯ সালের বিশ্বকাপে শোয়েব আকতার প্রথমবারের মতো পাকিস্তান দলের হয়ে খেলেন। সে সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার। ২০০৩ সালেও শোয়েব বিশ্বকাপে পাকিস্তান দলের প্রতিনিধিত্ব করেন। ২০০৭ সালে তিনি দল থেকে বাদ পড়েন। এরপর থেকেই ফিটনেস ও ফর্মের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।আফ্রিদি আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব পাবেন কি না, তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বড় অংশ চাচ্ছে টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হকের কাছে নেতৃত্বের ভার তুলে দিতে। দলে ইতিমধ্যেই দুই অধিনায়কের পক্ষে দুটো উপদল তৈরি হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার, এ লড়াইয়ে শোয়েব আকতার কিন্তু আফ্রিদিরই পক্ষাবলম্বন করছেন। ডেইলি টাইমস।